গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন: ভোটের রাজনীতি
শ্রমিক ভোটারদের পক্ষে টানার চেষ্টা দুই দলেরই
জাতীয় রাজনীতি, আঞ্চলিকতা ও শ্রমিক ভোট—এই তিন জটিল সমীকরণে ঘুরপাক খাচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের ভোটাররা। এখানে স্থানীয় ও বাইরের জেলা থেকে এসে বসতি গড়া দুই ধরনের ভোটার আছেন।এই দুই শ্রেণীর ভোটাররাই রাজনীতি সচেতন। তাঁরা দুই মেয়র পদপ্রার্থী ১৪ দল-সমর্থিত আজমত উল্লা খান ও ১৮ দলের সমর্থক এম এ মান্নান শিবিরে বিভক্ত। কিন্তু এর বাইরে একটা বড় অংশ শ্রমিক ভোটার। এঁদের সংখ্যা দুই লাখের বেশি। এই বিপুলসংখ্যক ভোটার এখনো মুখ খুলছেন না, কাকে ভোট দেবেন। এঁদের ভোটের ওপরই ফলাফল নির্ভর করবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।ইতিমধ্যে শ্রমিক ভোটারদের পক্ষে টানার জন্য দুই শিবির থেকেই নানা কৌশল নেওয়া হয়েছে। দুই প্রধান প্রার্থীর সমর্থক ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, শ্রমিক ও রাজনৈতিক কর্মী-সমর্থকদের বাইরে আরেকটা দল আছে, যারা নিজেদের ‘গাজীপুরের’ ও ‘টঙ্গীর’ মানুষ ভাবতে ভালোবাসে। প্রধান দুই মেয়র পদপ্রার্থী দুই থানার বাসিন্দা হওয়ায় এই আঞ্চলিকতা কিছুটা হলেও মানুষের মধ্যে আছে বলে ভোটাররা জানান। এম এ মান্নান গাজীপুর সদর থানার বাসিন্দা। আর আজমত উল্লার বাড়ি টঙ্গীতে।আওয়ামী লীগের টঙ্গী থানার এক নেতা বলেন, গাজীপুর সদর ও টঙ্গী নিয়ে গঠিত সংসদীয় আসনের সাংসদ জাহিদ আহসান টঙ্গীর বাসিন্দা। এর আগে ছিলেন তাঁর বাবা শ্রমিকনেতা আহসান উল্লাহ মাস্টার, তিনিও টঙ্গীর। জাতীয় পার্টির আমলে সাংসদ হাসান উদ্দিন সরকারও টঙ্গীর।আর গাজীপুর সদরের মানুষ হিসেবে ১৯৯১ সালে এম এ মান্নান এই আসন থেকে সাংসদ হয়ে প্রতিমন্ত্রী হয়েছিলেন। এ জন্য মান্নানের পক্ষ থেকে আঞ্চলিকতা ছড়ানো হচ্ছে। এ ব্যাপারে বিএনপির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সায়েদুল আলম বলেন, টঙ্গীর মেয়র থাকায় গাজীপুর সদরে আজমত উল্লার তেমন পরিচিতি নেই। এ জন্য গাজীপুর সদরে মান্নান কিছুটা আঞ্চলিক সুবিধা পাবেন। আবার টঙ্গীতে আজমত উল্লা একচেটিয়া ভোট পাবেন না। কারণ, বিএনপির নেতা হাসান উদ্দিন সরকার খুব প্রভাবশালী।তবে, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও আহসান উল্লাহ মাস্টারের ছোট ভাই মতিউর রহমান বলেন, আঞ্চলিকতা কোনো কাজে আসবে না। কারণ, গাজীপুর সদর ও টঙ্গীর সাংসদ জাহিদ আহসান। সাংসদ আজমত উল্লার পক্ষে নামায় গাজীপুরেও তাঁদের প্রার্থী সুবিধা পাবেন। টঙ্গী তো নিজের ঘর আছেই।নির্বাচন কমিশন সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভোটার ১০ লাখ ২৬ হাজার। ভোটের হিসাবে দেখা গেছে, টঙ্গী থানায় ভোটার তিন লাখ ২৬ হাজার। এ ছাড়া জয়দেবপুরের গাছা ও সদরের পূবাইল ইউনিয়ন টঙ্গী পৌরসভার অধীন। এই দুই ইউনিয়নে ভোট আছে এক লাখ ৮৮ হাজার। সব মিলিয়ে টঙ্গী পৌর এলাকায় ভোটার আছেন পাঁচ লাখ ১৪ হাজার। বাকি পাঁচ লাখ ১২ হাজার ভোটার গাজীপুর পৌরসভা ও চারটি ইউনিয়নের।জানতে চাইলে গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যাপক এবং গাজীপুরের ইতিহাস গ্রন্থের রচয়িতা ফরিদ আহমেদ বলেন, স্থানীয় নির্বাচন হলেও এটা এখন পুরোপুরি রাজনীতিকীকরণ হয়ে গেছে। ভোটারদের সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় রাজনীতিই মুখ্য ভূমিকা রাখবে। গাজীপুর ও টঙ্গীর যে আঞ্চলিক বিভাজনের কথা উঠেছে, তা খুব একটা প্রভাব ফেলবে না। তবে শ্রমিক ভোটাররা নির্বাচনের ফলাফল নির্ধারণে নিয়ামক হিসেবে কাজ করবেন। এ ক্ষেত্রে শ্রমিকেরা কোন এলাকা থেকে এসেছেন, তাঁরা কোন মালিকের অধীনে কাজ করেন এবং কার বাসায় ভাড়া থাকেন, সেটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। বিভিন্ন জেলার নেতারা নিজ নিজ কমিউনিটির ভোটারদের মধ্যে যে প্রচারণা চালাচ্ছেন, সেটা খুবই গুরুত্বপূর্ণ।শ্রমিক ও বাইরের জেলার ভোটার টানতে তৎপরতা: স্থানীয় ভোটার ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি এলাকার বাসিন্দাদের অর্ধেকের বেশি দেশের বিভিন্ন জেলা থেকে এসে বসতি গড়েছেন। এর একটা বড় অংশ আবার শ্রমিক। এর মধ্যে বৃহত্তর ময়মনসিংহ, বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর কুমিল্লা ও উত্তরবঙ্গ থেকে আসা ব্যক্তিদের সমিতি রয়েছে এবং সেগুলো খুবই প্রভাবশালী। ওই সব এলাকার আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা নিজ নিজ কমিউনিটির ভোটারদের কাছে আজমত উল্লা ও মান্নানের পক্ষে ভোট চাইছেন।গতকাল দুপুরে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের কার্যালয়ে মতবিনিময় করেন গফরগাঁও উপজেলার চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ। এর আগে তিনি টঙ্গীর বিভিন্ন এলাকায় তাঁর জেলার যেসব বাসিন্দা গাজীপুর সিটি করপোরেশনের ভোটার, তাঁদের কাছে আজমত উল্লার পক্ষে ভোট চান। রাজবাড়ীর বিএনপির সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদকে টঙ্গীতে বসবাসকারী বৃহত্তর ফরিদপুরের মানুষের কাছে মান্নানের পক্ষে ভোট চাইতে দেখা গেছে। ভোটের আগ পর্যন্ত এখানে থেকে এভাবে প্রচারণা চালাবেন বলে তিনি জানান।জানতে চাইলে বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, গাজীপুর ও টঙ্গীতে বৃহত্তর ময়মনসিংহ এলাকার ৭০ থেকে ৮০ হাজার ভোটার আছেন। তাঁদের অধিকাংশই এখানে শ্রমিক হিসেবে কর্মজীবী। ময়মনসিংহ এলাকার নেতারা প্রতিদিনই প্রচার চালাচ্ছেন।বৃহত্তর নোয়াখালী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোমিন উল্লাহ বলেন, এলাকাভিত্তিক সংগঠন হিসেবে তাঁরা কোনো প্রার্থীকে সমর্থন করছেন না। তবে দুই প্রার্থীর পক্ষেই তাঁদের পরিষদের সদস্যরা আছেন। প্রার্থীদের পক্ষে দৌড়ঝাঁপ শুরু হলেও অনেক শ্রমিক জানিয়েছেন, তাঁরা এখনো ঠিক করেননি কাকে ভোট দেবেন। কলাবাগান বস্তির বাসিন্দা হানিফ বলেন, এখনো ভাবেননি কাকে ভোট দেবেন। টঙ্গী বিসিক এলাকার মৌলী ফ্যাশনসের শ্রমিক রোজিনা বলেন, ‘ভোটের দিন ভোট দিমু। বাড়িওয়ালা যার কথা কইব, তারেই দিমু।’ একই কথা বললেন লাভলি ও পারভিনও।