শ্রমিক মৃত্যুর ঘটনায় হিউম্যান রাইটসের নিন্দা
বাংলাদেশে পোশাক কারখানা ধসের ঘটনায় কয়েক শ শ্রমিকের মৃত্যু ও কয়েক হাজার শ্রমিক আহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশ সরকার, স্থানীয় মালিক ও আন্তর্জাতিক ক্রেতাদের তীব্র নিন্দা জানিয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশের শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামসের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান পরিস্থিতি বলে দিচ্ছে, সরকারের উচিত শ্রম পরিবেশ পর্যবেক্ষণের কাজে বিপুল গতিসঞ্চার করা এবং সরকার শ্রমিকদের ইউনিয়ন গড়ে তোলার প্রচেষ্টাকে দমনের যেসব উদ্যোগ জারি রেখেছে, তা অবিলম্বে বন্ধ হওয়া।’ব্রাড অ্যাডামস বলেন, ‘শ্রমিকদের মৃত্যুর দীর্ঘ তালিকা থেকে বোঝা যায়, এ ট্র্যাজেডি সম্পর্কে পূর্বানুমান করা হয়েছিল।’ তিনি বলেন, ‘সরকার, কারখানার স্থানীয় মালিক এবং আন্তর্জাতিক পোশাকশিল্প এসব শ্রমিককে বিশ্বের মধ্যে সর্বনিম্ন মজুরি দেয়, কিন্তু যাঁরা পুরো বিশ্বের মানুষের জন্য পোশাকের সংস্থান করেন, তাঁদের জন্য ন্যূনতম নিরাপদ কর্মপরিবেশও নিশ্চিত করে না।’বাংলাদেশ সরকারের সীমাবদ্ধতা ও দুর্বলতা বিষয়েও উদ্বেগ প্রকাশ করে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি বলেছে, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব শ্রম পর্যবেক্ষণ মন্ত্রণালয়ের। কিন্তু সরকারের ওই বিভাগটি দীর্ঘদিন ধরে লোকবলের অভাবের মধ্যে আছে। ২০১২ সালের জুনে পর্যবেক্ষণ সংস্থাটি বলেছিল, ঢাকা শহরের প্রায় এক লাখ কারখানা পর্যবেক্ষণের জন্য তাঁদের মাত্র ১৮ জন কর্মকর্তা আছেন। দেশটির শুধু তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকের সংখ্যা প্রায় ৩০ লাখ।সংস্থাটি আরও জানায়, প্রচলিত শ্রম আইন অনুযায়ী নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত না করা কারখানাগুলোকে যে পরিমাণ জরিমানা করার বিধান রয়েছে, তা খুবই স্বল্প এবং এ কারণে উদ্দেশ্য সাধনও ব্যর্থ হয়। যদিও আইন অনুযায়ী দায়ীদের কারাদণ্ড দেওয়ার মতোও বিধান রয়েছে, তবুও বেশির ভাগ সময় যে পরিমাণ জরিমানা করা হয় তা ১৩ ডলারের কম।অ্যাডামস আরও বলেন, ‘বাংলাদেশের সরকারগুলো বরাবরই শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে মৌখিক আশ্বাস দিয়ে এসেছে এবং কাজ করেছে কর্মকৌশল নির্ধারণকারী মালিকদের নির্দেশ অনুযায়ী।’