শ্রমিক লীগের নেতারা মারধর করলেন কর্মকর্তাকে
ভবিষ্য তহবিল থেকে টাকা না দেওয়ায় বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিভাগীয় কার্যালয়ে ঢুকে উপপরিচালক লুত্ফুর রহমানকে মারধর করেছেন বিদ্যুত্ শ্রমিক লীগের নেতারা। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় শ্রমিক লীগের নেতারা দপ্তরের কাগজপত্র ও ফাইল তছনছ করেছেন বলেও অভিযোগ করেছেন ওই উপপরিচালক।বিউবো বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, বিউবো সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (হিসাব) মো. লুত্ফুর রহমানের দপ্তরে আজিরউদ্দিন নামের একজন কর্মচারী ভবিষ্য তহবিল থেকে ঋণ নেওয়ার জন্য আবেদন করেন। আজির উদ্দিন জগন্নাথপুর বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের এমএলএসএস পদে কর্মরত। এর আগে তাঁকে ভবিষ্য তহবিল থেকে আটবার ঋণ দেওয়ায় এইবার ঋণ না দেওয়ার বিষয়টি উপপরিচালক তাঁকে মৌখিকভাবে জানিয়ে দেন। এরপর আজিরউদ্দিন বিষয়টি সিবিএর নেতাদের অবহিত করেন।আজ দুপুর ১২টার দিকে জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ সিলেট-সুনামগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (সিবিএ) ও জেলা শ্রমিক লীগের সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান উপপরিচালকের কার্যালয়ে গিয়ে ঋণ দেওয়ার জন্য উপপরিচালককে চাপ দেন। বিষয়টি নিয়মবহির্ভূত বলে তাঁদের জানানো হলে একপর্যায়ে তাঁরা ক্ষুব্ধ হয়ে উপপরিচালককে মারধর করেন ও কাগজপত্র তছনছ করেন। পরে উপপরিচালকের সহকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসেন।যোগাযোগ করলে সিবিএর নেতা জাহাঙ্গীর খান উপপরিচালককে মারধর করার কথা অস্বীকার করে জানান, আজিরউদ্দিন ঋণের জন্য সুপারিশ করলে ঋণ অনুমোদন না করে উপপরিচালক তাঁদের দিকে চেয়ার ছুড়ে মারতে চাইলে হাতাহাতির ঘটনা ঘটে।উপপরিচালক লুত্ফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, ঘটনাটি তিনি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ ব্যাপারে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রায়হান আলী জানান, উপপরিচালককে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে বিউবি সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।