শ্রমিক হত্যার গুজবে রাজধানীতে পোশাক-কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিক হত্যার গুজবকে কেন্দ্র করে আজ রোববার দুপুরে রাজধানীর দক্ষিণখান এলাকায় সিমকো ড্রেস লিমিটেড নামের পোশাক-কারখানায় ভাঙচুর চালিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটেছে।এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ব্যবস্থাপকসহ চারজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, সুজন নামের এক শ্রমিককে হত্যার গুজবকে কেন্দ্র করে আজ বেলা দুইটার দিকে চালাবন এলাকায় দশতলা ভবনের সিমকো ড্রেস লিমিটেড নামের পোশাক-কারখানায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। সুজন ওই প্রতিষ্ঠানের কর্মচারী ছিলেন।কর্মকর্তারা জানান, ২৩ জুন কারখানার পোশাক চুরি করার সময় সুজনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেওয়া হয়। কিন্তু পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান। অন্যদিকে শ্রমিকেরা বলছেন, ঘটনার পর থেকে সুজন নিখোঁজ রয়েছেন। তাঁদের অভিযোগ, কর্মকর্তারা সুজনকে মারধর করে হত্যা করেছেন। আজ তাঁর লাশ চট্টগ্রামে পাওয়া গেছে বলেও দাবি করেছেন তাঁরা।এসআই আরও জানান, দুপুরের দিকে সুজনের লাশ পাওয়ার খবর কারখানায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার বেশ কয়েকটি জানালার কাচ ভাঙচুর করে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে শ্রমিকদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।এসআই মোস্তাফিজুর আরও জানান, শ্রমিকদের অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। তবে সুজনের কোনো খোঁজও মেলেনি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার ব্যবস্থাপক আবদুর রশিদ, হিসাব কর্মকর্তা বেলাল উদ্দিনসহ চারজনকে থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।