শ্রমিকদের অবরোধ সাত কি.মি. যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) ও আশপাশের হাজার হাজার শ্রমিক বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত সড়ক অবরোধ করেন। এতে বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রসৈকতের সঙ্গে নগরের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। অবরোধের সময় ইপিজেড এলাকায় পাঁচটি দোকানে ভাঙচুরের ঘটনাও ঘটে। রাত নয়টার দিকে প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এর আগে কাস্টম হাউস থেকে পতেঙ্গা পর্যন্ত অন্তত সাত কিলোমিটার দীর্ঘ সড়কে শত শত যানবাহন আটকা পড়ে। এতে সাধারণ মানুষের পাশাপাশি বিমানবন্দরের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগ পোহাতে হয়। জানা গেছে, এক সপ্তাহ ধরে শ্রমিকেরা সিইপিজেড এলাকায় ভাড়া বাড়ানোর প্রতিবাদে সাত দফা দাবিসংবলিত প্রচারপত্র বিলি করেন। দাবিগুলো হলো: জানুয়ারি মাস থেকে বাসাভাড়ার রসিদ দেওয়া, কক্ষের আয়তন অনুযায়ী নিয়ম মেনে ভাড়া নির্ধারণ করা, বছরে একবার ভাড়া না বাড়ানো, এক বছরের মধ্যে চারবার ভাড়া বাড়ানো বন্ধ করা, চাহিদামতো গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ করা, দারোয়ান ‘লেলিয়ে দিয়ে’ ভাড়াটেদের সঙ্গে দুর্ব্যবহার বন্ধ করা এবং বাসা ছাড়ার জন্য ৯০ দিন আগে নোটিশ দেওয়া। এসব দাবির সমর্থনে গতকাল বিকেলে শ্রমিকেরা স্থানীয় লেবার কলোনি মাঠে সমাবেশ ডাকেন। কিন্তু আগে অনুমতি নেওয়া হয়নি—এমন কারণ দেখিয়ে পুলিশ তাঁদের মাঠ থেকে বের করে দেয়। শ্রমিকদের একটি অংশ এতে ক্ষুব্ধ হয়ে ইপিজেডের সামনে সড়ক অবরোধ করেন। খবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে বিভিন্ন কারখানা ও আশপাশের কলোনি থেকে হাজার হাজার শ্রমিক এসে যোগ দেন। বিমানবন্দর সড়কে টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ করতে থাকেন। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে তাঁদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। চট্টগ্রাম পুলিশের উপকমিশনার (বন্দর) কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের, আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আমরা বৈঠক করেছি। সেখানে বাড়িওয়ালাদের সঙ্গে বৈঠকে বসে সমস্যার সমাধান করা হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছি। এরপর তাঁরা অবরোধ তুলে নেন।’ অবরোধে সৃষ্ট যানজটের কারণে সাধারণ যাত্রীদের পাশাপাশি বিদেশ থেকে আসা যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা অটোরিকশা ও মাইক্রোবাসে বসে কাটান। সৌদি আরব থেকে আসা কক্সবাজারগামী যাত্রী আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ‘অভিবাসন ও বিমানে চড়ার নানা ঝামেলার কারণে গত তিন দিন ঘুমাতে পারিনি। চট্টগ্রামে পা রেখেই পড়েছি নতুন ঝামেলায়। তিন ঘণ্টা ধরে বন্দরটিলা এলাকায় একটি অটোরিকশায় বসে আছি। কখন অবরোধ উঠে যাবে, সেই অপেক্ষায় আছি।’ আবদুর রহিমের মতো হাজার হাজার যাত্রী যানজটে পড়ে বিড়ম্বনার শিকার হন। সরেজমিন ঘুরে জানা যায়, সিইপিজেডের পার্শ্ববর্তী কলসি দীঘিরপাড় ও আশপাশের এলাকায় বিভিন্ন কলোনিতে এক লাখেরও বেশি শ্রমিক বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন। শ্রমিকদের অভিযোগ, বাড়িওয়ালারা কোনো রকম পূর্বঘোষণা ছাড়াই ইচ্ছেমতো বাড়িভাড়া বাড়িয়ে দেন। কোনো কোনো মালিক বছরে তিন থেকে চারবার ভাড়া বাড়িয়েছেন। শ্রমিকেরা বাড়তি ভাড়া দিতে অস্বীকৃতি জানালে গ্যাস ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।ইপিজেডের একটি বিদেশি কারখানার শ্রমিক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, তিনি একটি টিনশেড বাড়িতে থাকেন। এক কক্ষবিশিষ্ট বাসার জন্য এত দিন চার হাজার টাকা ভাড়া দিতেন। আগামী জানুয়ারি থেকে ভাড়া বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। চার মাস আগে ওই কক্ষের ভাড়া ছিল তিন হাজার টাকা। মিজানুর রহমান নামে আরেক শ্রমিক বলেন, কিছু বাড়ি আছে যেখানে গ্যাসলাইন আছে কিন্তু সরবরাহ ব্যবস্থা নেই। দিনের বেশির ভাগ সময়ই পানি থাকে না। তবু বছরে তিনবার ভাড়া বাড়ানো হয়। তিনি বলেন, ‘আমরা মালিককে বলেছি, অন্তত গ্যাস ও পানির ব্যবস্থা করে ভাড়া বাড়ান। কিন্তু মালিক তা শুনতে চান না।’ শ্রমিকেরা অভিযোগ করেন, পুলিশ বাড়িওয়ালাদের পক্ষ নিয়ে গতকাল তাঁদের সমাবেশ করতে বাধা দেয়।বাধা দেওয়া প্রসঙ্গে চট্টগ্রাম শিল্পাঞ্চল পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক (এসপি) মোহাম্মদ ওসমান গণি প্রথম আলোকে বলেন, ‘যেকোনো সমাবেশ করার আগে নগর পুলিশ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। শ্রমিকেরা অনুমতি নেয়নি বলে আমরা তাঁদের সমাবেশ করতে দিইনি।’