দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে ১২ দিন ধরে কর্মবিরতি চলছে। বিক্ষোভরত শ্রমিকেরা গতকাল শনিবার সকাল থেকে খনির কর্মকর্তা-কর্মচারীদের আবারও অবরুদ্ধ করে রেখেছেন। খনি কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়ে কয়েক দফা বৈঠক করলেও এ ব্যাপারে কোনো সুরাহা হয়নি। শ্রমিকেরা সকাল থেকে খনির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি সামাল দিতে খনি এলাকার ভেতর ও দুই ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সমস্যা নিরসনে গতকাল বিকেল সাড়ে তিনটায় শ্রমিকদের সঙ্গে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপক (সেন্ট্রাল মাইনিং) জাফর সাদিক, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসির প্রতিনিধি, কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মোহসিন আলী, সভাপতি রবিউল ইসলামসহ ২৮ জন শ্রমিকনেতা বৈঠকে বসেন। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল—খনির প্রত্যেক শ্রমিককে দক্ষ ঘোষণা করা, মাসে চার দিন ছুটি, পে-স্কেল অনুয়ায়ী শ্রমিকদের বেতন প্রদান প্রভৃতি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের ওই দাবিগুলো মেনে নিতে অপারগতা প্রকাশ করলে বৈঠক ভেস্তে যায়। আন্দোলনরত শ্রমিকদের সংগঠন বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, কর্তৃপক্ষ এখনো তাঁদের ন্যায্য দাবিগুলো মানতে রাজি হয়নি। জেলা প্রশাসক বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। রোববার সমস্যার সমাধান করা না হলে আরও কঠোর আন্দোলন শুরু করে দাবি মানতে বাধ্য করা হবে। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা তাঁদের সিদ্ধান্তে অনড়। নিজেদের অবস্থান থেকে তাঁরা একটুও সরতে রাজি নন। এভাবে সমঝোতা হয় না। দাবি অনুযায়ী শ্রমিকদের বেতন-বোনাস বাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁরা আবার নতুন করে কিছু দাবি জানাচ্ছেন। ওই দাবিগুলো মেনে নেওয়া সম্ভব নয়। চাকরি স্থায়ীকরণ ও বেতন-বোনাস বাড়ানোর দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির এক হাজারেরও বেশি দেশি শ্রমিক গত ২৩ আগস্ট সকাল থেকে উৎপাদন বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। এরপর গত ২৬ আগস্ট সকাল থেকে খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। ঈদের কারণে গত রোববার থেকে কর্মবিরতি অব্যাহত রেখে অবরোধ কর্মসূচি ছয়দিনের জন্য স্থগিত করা হয়েছিল।