লতিফ বাওয়ানী জুট মিলসের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজন কর্মকর্তাকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শ্রমিকদের দাবি, এটি দুর্ঘটনা নয়, ষড়যন্ত্র। নিজেদের দুর্নীতি আড়াল করতে কিছু কর্মকর্তার যোগসাজশে এ ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।গত রোববার রাতে রাজধানীর ডেমরার এ পাটকলটির গুদামে আগুন লেগে পুড়ে যায় কোটি টাকার পাট। পাটকলের তিন নম্বর গুদাম থেকে রাত সাড়ে আটটার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। টানা ২৪ ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালান দমকলকর্মীরা। গতকাল সোমবার সন্ধ্যায় দমকল কর্মকর্তারা জানান, আগুন প্রায় নিভে গেছে। এখন গুদাম থেকে সব পাট বের করার কাজ চলছে। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে।চার কর্মকর্তা বরখাস্ত: পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় গুদামের চারজন কর্মকর্তাকে বরখাস্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন পাটকলটির চলতি দায়িত্বে থাকা মহাব্যবস্থাপক এনামুল হক, উপব্যবস্থাপক জিয়াউর রহমান, গুদামরক্ষক মীর মোশাররফ হোসেন ও নিরাপত্তা কর্মকর্তা এস এম মহিদুল ইসলাম।মন্ত্রী বলেন, এ ঘটনার দায় তো প্রথমত তাঁদেরই। তাঁদের দায়িত্বহীনতা তো রয়েছেই। কে কোন মাত্রায় দায়ী, এটা পরে খতিয়ে দেখা যাবে।ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মুত্তাকিন বলেন, রোববার গভীর রাতে পাটকলের চার কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরে গতকাল রাত নয়টার দিকে পাটকলের সিবিএর কার্যকরী সভাপতি মোহাম্মদ আলী গ্রেপ্তার হওয়া চারজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে ডেমরা থানায় একটি মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, ওই চারজন পরস্পর যোগসাজশে প্রতারণামূলকভাবে গুদামে আগুন লাগান। পুলিশ এই মামলায় ওই চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে।বাংলাদেশ জুট মিলস করপোরেশন (বিজেএমসি) সূত্র জানিয়েছে, পাটকলটির নতুন ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্ব দেওয়া হয়েছে ফারুক সিদ্দিকীকে। তিনি আজ দায়িত্ব নেবেন।ক্ষয়ক্ষতি: আগুন লাগার পর রোববার পাটমন্ত্রী প্রথম আলোকে বলেছিলেন, প্রাথমিক হিসাবে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গতকাল প্রায় একই কথা বলেছেন পাটকলটির ব্যবস্থাপক (প্রশাসন) মহিউদ্দীন সাদেক।ক্ষয়ক্ষতির ব্যাখ্যা দিয়ে মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, এ বছর মৌসুমের শুরুতেই পাট কেনার নির্দেশনা ছিল বিজেএমসি থেকে। এ জন্য প্রচুর মজুদ ছিল। প্রাথমিক হিসাবে তিনটি গুদাম ও দুটি ছাউনিতে ৯০ হাজার ৮২১ কুইন্টাল পাট ছিল। তিন নম্বর ও ক্রাশ (এক নম্বর) গুদামে ছিল ৩০ হাজার কুইন্টাল। আর দুই নম্বর গুদাম ও দুটি ছাউনিতে ছিল ৬০ হাজার কুইন্টালের মতো।ব্যবস্থাপক বলেন, তিন নম্বর গুদামটি সম্পূর্ণ পুড়ে গেছে। গুদামটির দেয়াল ভেঙে গেছে। এক নম্বর (ক্রাশ গুদাম) ও দুই নম্বর গুদামও আংশিক পুড়ে গেছে, তবে পানিতে গুদামের সব পাটই নষ্ট হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনটি গুদামের পাশে দুটি ছাউনিতে আরও পাট ছিল। সেগুলোও ভস্মীভূত ও পানিতে নষ্ট হয়েছে। তবে পানিতে ভিজে যাওয়া কিছু পাট পরে শুকিয়ে ব্যবহারযোগ্য করা যেতে পারে।শ্রমিকদের দাবি ষড়যন্ত্র: পাটকলের শ্রমিকেরা পাটকল ও বিজেএমসির এক কর্মকর্তার নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে গুদামে আগুন লাগানোর অভিযোগ করেন। শ্রমিকদের দাবি, দুই কর্মকর্তা কম দামে নিম্নমানের পাট মজুদ করে বেশি দাম দেখিয়েছেন। কয়েক দিন ধরেই বিষয়টি নিয়ে পাটকলে নানা গুঞ্জন চলছিল। দু-এক দিনের মধ্যেই পাটকলে তদন্ত দল আসার কথাও ছিল বলে জানান তাঁরা।শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এগুলো সম্পর্কে আমি অবহিত নই। আমি সব জেনে আপনাদের বলতে পারব। এখন কোনো কান কথায় কান দেওয়া ঠিক হবে না। আমার জায়গা থেকে আমি কাউকেই দোষী করছি না, সবাইকেই সন্দেহের চোখে দেখছি।’আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে ব্যবস্থাপক মহিউদ্দীন বলেন, পাটের গুদামে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকে না। গুদাম তালাবদ্ধ ছিল, তাই সেখানে কোনো শ্রমিকের যাতায়াতেরও প্রশ্ন আসে না। আর পাটকল এলাকায় ধূমপান নিষিদ্ধ। এমনিতে তো আগুন লাগার কথা নয়। এখন আসল কারণটা কী, তা তদন্তে বেরিয়ে আসবে।২৪ ঘণ্টার মধ্যে দুটি তদন্ত কমিটি: আগুন লাগার পর রোববার রাতে বিজেএমসির পরিচালক (পাট) তরিকুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়। এই কমিটির পর গতকাল আবার একটি তদন্ত কমিটি গঠন করা হয়।পাটসচিব আশরাফুল মকবুল প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে গতকাল বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আলমকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে দুটি কমিটি গঠনের কারণ জানতে চাইলে সচিব বলেন, প্রথমটা ছিল বিজেএমসির কর্মকর্তাদের নিয়ে। সেখানে অনেক তথ্য না-ও আসতে পারে। তাই মন্ত্রণালয় আরেকটি উচ্চপর্যায়ের কমিটি করে দিয়েছে। দুটি কমিটিকেই সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, পাটের আগুন সিগারেট বা কয়েলের আগুনের মতো সামান্য জ্বলে থাকে। সেটি থেকেই পরে বড় আগুনের সৃষ্টি হয়। তাই গুদাম থেকে সব পাট বাইরে বের করে আগুন নেই তা নিশ্চিত হতে হয়। তাঁরা জানান, এখন গুদামে আগুনের কোনো শিখা নেই। তবে মাঝেমধ্যে ধোঁয়া দেখা যাচ্ছে, তাপও আছে।