শ্রমিকদের বিমানভাড়া কমানোর প্রস্তাব বায়রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিবাসী শ্রমিকদের জন্য বিমানভাড়া কমানোর প্রস্তাব দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। এর ফলে অভিবাসন খরচ অনেক কমে আসবে বলে মনে করছে সংগঠনটি।আজ বুধবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক বৈঠকে বায়রা এ প্রস্তাব করে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বায়রার এই প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েছেন।বৈঠক শেষে বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, ‘লিবিয়ায় আগে বিমানভাড়া ছিল ৫২ হাজার টাকা। হঠাত্ করে এয়ারলাইন্সগুলো ভাড়া ৯০ থেকে ৯৫ হাজার টাকা করে ফেলেছে। এর ফলে শ্রমিকদের অভিবাসন খরচ বাড়ছে। শুধু লিবিয়া নয়, বিশ্বের বিভিন্ন দেশে যেতে খরচ বেশি হওয়ার একটি বড় কারণ অতিরিক্ত বিমানভাড়া। আমরা তাই ভাড়া কমানোর প্রস্তাব দিয়েছি। আমরা বলেছি, প্রয়োজনে অভিবাসী শ্রমিকদের জন্য আলাদা ভাড়া হোক। মন্ত্রী আমাদের এই প্রস্তাব গ্রহণ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’বৈঠক সূত্রে জানা গেছে, বায়রার প্রস্তাব বিবেচনায় রেখে শ্রমিকদের জন্য পৃথক ভাড়া ও আন্তর্জাতিক ভাড়ার সঙ্গে সমন্বয় রেখে দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে কোনো শ্রমিকের ফ্লাইট বাতিলের ক্ষেত্রে টিকিটের পুরো অর্থ বাজেয়াপ্ত না করারও বিধান করা হচ্ছে।বৈঠকে ফারুক খান বলেন, ‘দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোর জন্য একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এ মাসেই এর খসড়া চূড়ান্ত করা হবে। বায়রার প্রস্তাবগুলো এই নীতিমালায় অন্তর্ভুক্ত করা হবে’।এ ছাড়া বৈঠকে বায়রার নেতারা বিদেশি প্রতিনিধিদের অভ্যর্থনা ও বিদায় জানানোর জন্য বিমানবন্দরে বায়রা-মনোনীত প্রতিনিধির জন্য একটি আলাদা ডেস্ক স্থাপন, বায়রার নেতাদের ভিআইপি মর্যাদা প্রদান, অবৈধ বহির্গমন রোধে বায়রার সদস্য ছাড়া অন্যদের লোক পাঠানোর অনুমতি না দেওয়া এবং ইমিগ্রেশন ডেস্কে স্বচ্ছতা আনার প্রস্তাব দেন।বায়রার এসব সুপারিশের সঙ্গে একমত পোষণ করে মন্ত্রী বলেন, ‘বিমানবন্দরের নিরাপত্তা শ্রেণীর ভেতরের ডেস্কগুলো পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। এটা হয়ে গেলেই বায়রার জন্য প্রোটোকল ডেস্ক স্থাপন করা হবে।মন্ত্রী জনসেবার মনোভাব নিয়ে কাজ করার জন্য বায়রার নেতাদের আহ্বান জানিয়ে বলেন, গুটিকয়েক লোকের কারণে বাজারে বায়রার বদনাম হচ্ছে। তাঁদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে।