শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে, তবে কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধসে পড়া সাভার রানা প্লাজায় অবস্থিত পাঁচটি পোশাক কারখানার কিছু শ্রমিককে বেতন দেওয়া হয়েছে। আজ বুধবার সাভার সেনানিবাসের গলফ ক্লাব মাঠে জীবিত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেওয়া হয়েছে। তবে যে সব শ্রমিক নিহত হয়েছেন, তাঁদের স্বজন এবং হাসপাতালে চিকিত্সাধীন শ্রমিকদের বেতন ও ক্ষতিপূরণ পরে দেওয়া হবে বলে জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ কর্তৃপক্ষ। তবে অনেক শ্রমিক অভিযোগ করেন, তাঁরা চার মাসের বেতন-ভাতা চাইলেও তা দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার রাতেও কিছু শ্রমিককে বেতন দেওয়া হয়। এর আগে মঙ্গলবার সকালে বেতনের দাবিতে শ্রমিকেরা সাভার বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের দাবি ছিল, চার মাসের বেতন-ভাতা, অতিরিক্ত কাজের মজুরি, ক্ষতিপূরণ ও শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ করে দেওয়া হলে যে সব সুযোগ-সুবিধা পাওয়ার কথা, সেগুলো দেওয়া। বিকেলে গলফ ক্লাব মাঠে বেতন-ভাতা দেওয়া হবে, এই শর্তে শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।কিন্তু গলফ ক্লাবে গিয়ে দাবি অনুযায়ী বেতন-ভাতা ও ক্ষতিপূরণ না পেয়ে অনেক শ্রমিক সন্ধ্যার দিকে বাড়ি ফিরে যান। শ্রমিকেরা জানিয়েছেন, তাঁদের এক মাসের বেতন পরিশোধের কথা বলায় তাঁরা বেতন না নিয়ে ফিরে এসেছেন। এরপর সাভার সেনানিবাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও বিজিএমইএর আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাতে অনেকে বেতন-ভাতা আনতে যান। আজ ভোর থেকেই শ্রমিকেরা গলফ ক্লাবের মাঠে হাজির হন। সেখানে বেলা ১১টার দিকে বেতন দেওয়া শুরু হয়। ইথারটেক্স পোশাক কারখানায় কাজ করতেন খালেদা আক্তার। তিনি ছিলেন সুইং অপারেটর। ভবনধসের দিন তিনি জীবিত উদ্ধার হন। তাঁকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ওভারটাইমসহ মাসে তিনি এমনিতেই নয় থেকে ১০ হাজার টাকা পেতেন। এখন তাঁকে ঠকানো হয়েছে। কারণ, তিনি তো এখন আর কাজ করতে পারছেন না। ইথারটেক্সে কাজ করতেন আকাশ হোসেন। ভবনধসের দিন সন্ধ্যায় উদ্ধার হন। তাঁকে পাঁচ হাজার ৯৯০ টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, তাঁর মূল বেতনই চার হাজার ২০০ টাকা। ওভারটাইমসহ আট-নয় হাজার টাকা বেতন হতো। কিন্তু তিনি চাকরি যোগ দিয়েছেন তিন মাস আগে। এ জন্য কম টাকা দেওয়া হয়েছে।বিজিএমইএর অগ্নিনির্বাপক পরামর্শক মতিউর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, শ্রম আইনে শ্রমিকদের যা প্রাপ্য, সবই দেওয়া হবে। এমনকি বেশিও দেওয়া হবে। তিনি জানান, প্রতিটি কারখানার মধ্যম সারির যে সব কর্মকর্তা বেঁচে আছেন, তাঁদের উপস্থিতিতে বেতন দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, মৃতদের স্বজনদের বেতন ও ক্ষতিপূরণ পরে দেওয়া হবে। আর হাসপাতালের চিকিত্সাধীন শ্রমিকদের সেখানেই বেতন দেওয়া হবে।শফিকুল ইসলাম ইথারটেক্সের তত্ত্বাবধায়ক পদে কাজ করতেন। তিনিও ভবনধসের সময় আটকা পড়েছিলেন। ভবনধসের কয়েক ঘণ্টা পর তাঁকে উদ্ধার করা হয় ধ্বংসস্তূপ থেকে। তিনি জানান, তাঁর বেতন ছিল ১১ হাজার ৫০০ টাকা। তাঁকে দুটি মূল বেতনের সমান ১৯ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, চার মাসের বেতন তাঁরা দাবি করেছিলেন। কিন্তু দুই মাসের বেতনও দেওয়া হয়নি।নিহতের স্বজন ও চিকিত্সাধীনরা বেতন পাননিরানা প্লাজা ধসের ঘটনায় নিহত হওয়া কর্মীদের স্বজনদের বেতন দেওয়া হয়নি। তাঁদের প্রধানমন্ত্রী নিজ হাতে আরও বড় অঙ্কের অনুদান দেবেন বলে জানিয়ে দেওয়া হয়। আজ নিহত অনেক শ্রমিকের স্বজনেরা গলফ ক্লাব মাঠে বেতন নিতে এসেছিলেন। মানিকগঞ্জের দৌলতপুরের কদুরি বেগমের মেয়ে জ্যোত্স্নার লাশ উদ্ধার করা হয় গত রোববার। মেয়েকে দাফন করে এসেছেন। তিনি জানান, বেতন দেওয়ার কথা শুনে এসেছিলেন। এখন জানতে পেরেছেন, মৃতদের বেতন পরে দেওয়া হবে। তাই তিনি চলে যাচ্ছেন।এদিকে রানা প্লাজা ধসের পর আহত শ্রমিকদের মধ্যে যাঁরা হাসপাতালে চিকিত্সাধীন, তাঁদের অনেক স্বজন গিয়েছিলেন বেতনের জন্য। কিন্তু তাঁদের বলা হয়েছে, হাসপাতালে যাঁরা চিকিত্সাধীন, তাঁদের বেতন সেখানেই গিয়ে দেওয়া হবে। এই নিয়ে স্বজনদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই।