চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বার্থ অপারেটর ও শ্রমিকদের সঙ্গে মন্ত্রীর নিষ্ফল বৈঠক
শ্রমিকদের মধ্যে অস্থিরতা, ১২ জেটি চালু হয়নি
নৌপরিবহনমন্ত্রীর উদ্যোগের পরও চট্টগ্রাম বন্দরের সাধারণ পণ্যবাহী ১২ জেটিতে (জেসিবি) কাজ শুরু করা যায়নি। বরং কাজ শুরু করা না-করা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার বিকেলে ও সন্ধ্যায় জেটির সংরক্ষিত এলাকায় শ্রমিকদের দুই পক্ষে দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এর আগে শ্রমিকদের ধাওয়ার মুখে বন্দরের কর্মকর্তারা জেটি থেকে বন্দর ভবনে আশ্রয় নেন। এ পরিস্থিতিতে বন্দরের ১২ জেটিতে কাজ চালু অনিশ্চিত হয়ে পড়েছে।বন্দর সূত্রে জানা গেছে, নতুন কাজ পাওয়া ছয় বার্থ অপারেটর প্রতিষ্ঠানের গত শুক্রবার বিকেল থেকে ছয়টি জেটিতে পর্যায়ক্রমে কাজ শুরুর কথা ছিল। কিন্তু শ্রমিকদের দাবি-দাওয়ার ব্যাপারে কোনো সমঝোতা না হওয়ায় গত সোমবার রাত পর্যন্ত কাজ শুরু করা যায়নি। বরং সোমবার রাত নয়টার পর আরও ছয় জেটিতে কাজ বন্ধ হয়ে যায়।সূত্র জানায়, বন্দর কর্তৃপক্ষ গতকাল সকাল থেকে বার্থ অপারেটর ও শ্রমিকনেতাদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করে ১২ জেটিতে কাজ শুরুর চেষ্টা চালান। বিকেলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বন্দরের রেস্টহাউসে পর্যায়ক্রমে কর্তৃপক্ষ, শ্রমিক ও বার্থ অপারেটর প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি-দের সঙ্গে বৈঠক করেন। কিন্তু রাত পর্যন্ত বন্দর চালুর ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া যায়নি।তবে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মন্ত্রী সাংবাদিকদের জানান, ‘আশা করছি, রাতের মধ্যে সমঝোতা হয়ে যাবে। যেভাবেই হোক, বুধবারের (আজ) মধ্যে বন্দরের অচলাবস্থার নিরসন করব।’প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে আন্দোলনরত চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, যুগ্ম সম্পাদক আবদুল আহাদসহ অন্য নেতারা চার নম্বর জেটির গেট দিয়ে বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় ঢোকেন। তাঁরা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দিলে কিছু শ্রমিক নেতাদের ধাওয়া করেন। এরপর শ্রমিকেরা দ্বিধাবিভক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।একপর্যায়ে জেটিতে হইচই শুরু হলে চার নম্বর গেট দিয়ে কয়েক শ শ্রমিক বিনা বাধায় জেটিতে ঢুকে পড়েন। এ সময় জেটিতে কর্মরত শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ধাওয়ার মুখে মাহফুজ ও আহাদসহ অন্য শ্রমিকনেতারা চলে যান। এ সময় তাঁরা সামান্য আহত হন।চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক আবদুল আহাদ বলেন, ‘আমরা চাই, শ্রমিকেরা কাজ করুক। এ কারণে আমরা তাঁদের বোঝানোর চেষ্টা করছি। কিন্তু সাধারণ শ্রমিকেরা দাবি-দাওয়া নিষ্পত্তি হওয়ার আগে কাজে যোগ দিতে চান না।’পরে শ্রমিকেরা একত্রিত হয়ে চার নম্বর জেটির গেটে অবস্থান নেন। ফলে সংরক্ষিত জেটি এলাকা এবং সংলগ্ন জেটির বাইরের এলাকা শ্রমিকদের নিয়ন্ত্রণে এসে যায়। এ সময় উত্তেজিত শ্রমিকেরা বন্দর কর্তৃপক্ষ ও বার্থ অপারেটরদের বিরুদ্ধে স্লোগান দেন। রাত সাতটার দিকে শ্রমিকেরা জেটি এলাকা থেকে বের হয়ে যান। তাঁদের একটি অংশ বন্দর রেস্টহাউজে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন। অন্য অংশ মিছিল করে নিমতলার দিকে চলে যায়।পুলিশের বন্দর অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নাঈমুল হাসান প্রথম আলোকে বলেন, রাত সাতটার দিকে শ্রমিকেরা জেটি ছেড়ে চলে গেছেন। এর আগে জেটিতে শ্রমিকদের দুই দলের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন বলেন, ‘বন্দরে কনটেইনার ওঠানো-নামানোর কাজ শুরু করতে আমরা প্রস্তুত। কিন্তু কয়েক দফা উদ্যোগ নিয়েও কাজ শুরু করা যায়নি। নিরাপত্তা দেওয়া না হলে কীভাবে কাজ শুরু করব?’জানা গেছে, ১২ জেটিতে কাজ বন্ধ থাকায় বন্দরে সরকারি-বেসরকারি ১৮টি খাদ্যশস্যসহ মোট ৪৭টি পণ্যবাহী জাহাজ আটকা পড়েছে। গতকাল বন্দরে জাহাজ অবস্থান করছিল ৮০টি। এসব জাহাজের মধ্যে বহির্নোঙরে ১৮টি, রিভার মুরিংসহ বিশেষায়িত জেটিতে ১০টি এবং মূল জেটিতে পাঁচটিসহ ৩৩টি জাহাজে কাজ হয়েছে। এর বাইরে খাদ্যশস্য ও কনটেইনারবাহী ৪৭টি জাহাজেই কোনো কাজ হয়নি।অচলাবস্থার কারণে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো প্রায় অর্ধেকে নেমে এসেছে। মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বন্দরে জাহাজে দুই হাজার ৩৩৩টি পণ্যবাহী কনটেইনার ওঠানো-নামানো হয়েছে। এখন শুধু সিসিটি জেটির দুটি এবং এনসিটি জেটির চারটিতে পণ্য ওঠানামা হচ্ছে।ক্ষুব্ধ ব্যবসায়ী সংগঠন: বন্দরের এ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার জন্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বারের তদারক কমিটি। গতকাল চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত কমিটির এক সভায় এ ক্ষোভ প্রকাশ করা হয়। কমিটির সভায় সভাপতিত্ব করেন চেম্বার পরিচালক এস এম আবু তৈয়ব।তদারক কমিটির সভায় বিজিএমইএ, বিকেএমইএ, বারভিডা, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।