বেতন বাড়ানোর দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকেরা গতকাল সোমবার রাত ১২টা থেকে যে কর্মবিরতি শুরু করে, তা আজ ধর্মঘটে রূপান্তরিত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে শ্রমিকেরা কয়লাখনির গেটের সামনে একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় খনি কর্তৃপক্ষের গাড়িচালক রফিক ওই মিছিলে অংশগ্রহণকারীদের ওপর একটি গাড়ি তুলে দিলে তিনজন শ্রমিক আহত হন। আহত শ্রমিকেরা হলেন নূরনবী, আকতারুজ্জামান ও কালাম। তাঁদের মধ্যে দুজনকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এই ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা রফিকের বাড়িতে হামলা চালান। তাঁরা একটি মোটরসাইকেল, টিভিসহ বাড়ির আরও কিছু আসবাবপত্র ভাঙচুর করেন।এদিকে কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান বলেন, তাঁরা এ ধরনের কোনো ঘটনার কথা জানেন না।শেষ খবর অনুযায়ী শ্রমিকেরা লাঠি হাতে খনির গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাঁরা কয়লাখনিতে ঢোকার তিনটি গেটই বন্ধ করে দিয়েছেন।পাশাপাশি বড়পুকুরিয়ার তেঁতুলতলা এলাকায় শ্রমিকেরা আলাদা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে তাঁরা ঘোষণা করেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাবেন।কয়লাখনি এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।উল্লেখ্য, শ্রমিকেরা জানান, ২০০৮ সালে কয়লাখনি কর্তৃপক্ষ, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি কোম্পানি ও দেশি শ্রমিকদের মধ্যে একটি ত্রিপাক্ষিক চুক্তি হয়। চুক্তি অনুসারে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে বেতন-ভাতা বাড়ানোর কথা থাকলেও এখন পর্যন্ত এ লক্ষ্যে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই, চুক্তি অনুযায়ী বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার রাত ১২টা থেকে শ্রমিকেরা প্রথমে কর্মবিরতি শুরু করেন।