প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববাজারে বাংলাদেশের তৈরি পোশাকের সম্ভাবনাকে কাজে লাগাতে শ্রমিকদের যতটা সম্ভব বেশি বেতন দিতে এবং ক্রেতাদের চাহিদা পূরণে সচেষ্ট থাকতে তৈরি পোশাকশিল্পের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৩তম বাটেক্সপো-২০১২ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী আমাদের তৈরি পোশাকের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। এই সম্ভাবনা ধরে রাখতে হলে তৈরি পোশাকশিল্পের মালিকদের কারখানায় কাজের পরিবেশ উন্নত করার পাশাপাশি শ্রমিকদের বেতন-ভাতাও বাড়াতে হবে।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিদেশে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধাসহ তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে কাজ করছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩০০ একর জমিতে তৈরি পোশাকপল্লি স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি আশা করি, রপ্তানি বাজার সম্প্রসারণে মালিকেরা যতটা সম্ভব শ্রমিকদের বেশি বেতন-ভাতা দেবেন, শ্রম আইন মেনে চলবেন এবং ক্রেতাদের চাহিদা পূরণ করবেন।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বক্তব্য দেন। বিজিএমইএর সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।শেখ হাসিনা বলেন, সরকার বিজিএমইএকে কান্ট্রি অব অরিজিন সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা দিয়েছে। সক্ষমতা বাড়লে সংগঠনটিকে আরও ক্ষমতা দেওয়া হবে।প্রধানমন্ত্রী বলেন, তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, পোশাকশ্রমিকেরা কারখানায় আগুন দিতে কিংবা ভাঙচুর চালাতে পারেন না। কারণ, ওই কারখানা তাঁদের জীবিকা নির্বাহের উৎস এবং সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্র। তিনি বলেন, ‘কেউ যাতে তাদের সততা ও সরলতার সুযোগ নিতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’দেশের বস্ত্র খাতের সবচেয়ে বড় প্রদর্শনী ‘বাটেক্সপো’ ইতিমধ্যে শুরু হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আরও বেশি বিদেশি ক্রেতা আকৃষ্ট করার আশা করছেন উদ্যোক্তারা। তিন দিনব্যাপী এই মেলা হবে বিদেশি ক্রেতা ও স্থানীয় উৎপাদকদের মিলনমেলা। এই মেলা বাংলাদেশের তৈরি পোশাকের জন্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সহায়ক হবে।