শ্রমিকনেত্রী মিশু কারাগারে, দুই দিনের রিমান্ড মঞ্জুর
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।এদিকে মিশুকে গত জুন মাসে শ্রমিক বিক্ষোভের ঘটনায় কাফরুল থানায় করা দুটি মামলায় মিশুকে গতকাল গ্রেপ্তার দেখানো হয়েছে। এরই মধ্যে একটি মামলায় তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান জানান, গত সোমবার দিবাগত রাত দেড়টায় মিশুকে রাজধানীর হাতিরপুল এলাকায় তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্র জানায়, গত রোববার রাজধানীর কুড়িলে তৈরি পোশাকশ্রমিকদের অসন্তোষ ও ভাঙচুরের ঘটনায় ইন্ধন দেওয়ার অভিযোগসহ তিনটি মামলায় মিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছে।আদালত সূত্র জানায়, কুড়িলের শ্রমিক বিক্ষোভের ঘটনায় একটি মামলায় খিলক্ষেত থানা পুলিশ গতকাল আদালতে মোশরেফা মিশুকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।কিন্তু মামলার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাবিবুর রহমান ভূঁইয়া আজ বুধবার রিমান্ডের শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে মিশুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।এদিকে গত জুনে শেওড়াপাড়ায় তৈরি পোশাক কারখানা রাইট ফ্যাশন লিমিটেডের সামনে ভাঙচুর, পুলিশের কাজে বাধা ও মারধরের অভিযোগে কাফরুল থানার দুটি মামলায় মিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। দুটি মামলায়ই তাঁকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত একটিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অন্যটির রিমান্ড আবেদন নাকচ করে দেন। আদালত আসামির জামিনের আবেদনও নাকচ করে দেন।এদিকে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, সংস্কৃতি মঞ্চসহ বিভিন্ন সংগঠন মিশুকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।