শ্রমিকের চাকরি অবসানের বিধান বদলান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন ২০০৬ অনুযায়ী, প্রচলিত কিছু আর্থিক সুবিধা ও নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান সাপেক্ষে কোনো কারণ ছাড়াই যেকোনো সময় যেকোনো স্থায়ী শ্রমিকের চাকরি অবসান করার অধিকার কর্তৃপক্ষের রয়েছে। ফলে দেখা যায়, কোম্পানি বা প্রাতিষ্ঠানিক স্বার্থের বাইরেও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ/মালিক অসাধুভাবে, এমনকি হঠকারিতা বা কপটতার আশ্রয় নিয়ে একজন স্থায়ী শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন। এই আইন কর্তৃপক্ষকে এ সুযোগটি দিয়েছে। এমন নজির প্রচুর রয়েছে যে সম্পূর্ণ অদাপ্তরিক বা নিছক ব্যক্তিগত কারণে একজন প্রবীণ দক্ষ শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, যদিও ওই শ্রমিককে কাজে নিয়োজিত রাখার প্রয়োজনীয়তা ও আর্থিক সামর্থ্য ওই প্রতিষ্ঠানের ছিল। শুধু তাই নয়, কর্তৃপক্ষ/মালিকের সঙ্গে রাজনৈতিক মতভিন্নতা, কর্তৃপক্ষ/মালিকের অনৈতিক কাজে সহায়তা না করা, কর্তৃপক্ষ/মালিকের অন্যায় ও অবৈধ আবদার রক্ষা না করা ইত্যাদি কারণেও একজন সৎ ও যোগ্য স্থায়ী শ্রমিককে যখন-তখন চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা ঘটে থাকে। অব্যাহতিপত্রে লেখা থাকে মাত্র একটি বাক্য, ‘Your service is no longer required’. (উল্লেখ্য, সংশ্লিষ্ট শূন্যপদে পুনরায় জনবল নিয়োগ করা হয় বিধায় ইদানীং কিছু কিছু অব্যাহতিপত্রে ‘no longer required’ লেখার পরিবর্তে শুধু লেখা হচ্ছে, Your services is hereby terminated) বিনা মেঘে বজ্রপাতের মতো কিছু ক্ষতিপূরণসহ আকস্মিকভাবে চাকরি হারিয়ে ওই শ্রমিক তখন দুই চোখে অন্ধকার দেখেন। ঘটনাটি সংঘটনের এক মুহূর্ত আগেও নিরীহ শ্রমিকের জানার উপায় থাকে না যে তিনি চাকরি হারাতে যাচ্ছেন। কোনো কোনো কারখানা সকালবেলা কাজের উদ্দেশ্যে আসা স্থায়ী শ্রমিককে ওই প্রতিষ্ঠানের প্রবেশপথের প্রধান ফটকেই নিরাপত্তা প্রহরীর মাধ্যমে চাকরি থেকে অব্যাহতিপত্র হাতে ধরিয়ে দিয়ে সেখান থেকে সরাসরি বিদায় করা হয়। হতভাগ্য স্থায়ী শ্রমিকের চিরচেনা কর্মস্থলটি তখন চিরতরে নিষিদ্ধ হয়ে যায়। পরিবার-পরিজন নিয়ে তাঁকে তখন রাস্তায় নামতে হয়। জীবনে নেমে আসে অনিশ্চিত আগামীর নির্মম অভিশাপ। ১.সাভারের একটি পোশাক কারখানায় ছয় বছর ধরে কাজ করে আসছিলেন মানিকগঞ্জের দিলুয়ার বেগম (ছদ্মনাম)। মার্জিত ও ধার্মিক স্বভাবের অধিকারী দিলুয়ার কর্মস্থলেও ছিলেন দক্ষ ও একনিষ্ঠ। দুই বছর আগে তাঁর স্বামী মারা যান এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। এক শিশুকন্যা নিয়ে তিনি বিধবা হন। এর কিছুদিন পর প্রতিষ্ঠানের এক প্রভাবশালী পরিচালক তাঁকে গোপনে বিয়ের প্রস্তাব দেন। দীপা সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন। কেননা, এই পরিচালক ছিলেন বিবাহিত ও মাদকাসক্ত। এ ঘটনার মাত্র তিন মাসের মাথায় তাঁর চাকরির অবসান ঘটানো হয়। ২.একটি খ্যাতনামা পাবলিক লিমিটেড কোম্পানির পল্টনের মূল অফিসের প্রধান করণিক পদে চাকরি করতেন আবুল কালাম পাটোয়ারী (ছদ্মনাম)। একবার সেখানে একটি চুরি হয়। চুরির ঘটনার আনুষ্ঠানিক তদন্ত হয়। তদন্তে এক ব্যক্তির কর্তব্যে অবহেলা প্রমাণিত হওয়ায় তাঁকে বরখাস্ত করা হয়। কিন্তু ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে বিশেষ কারণে ধারণা হলো যে চুরির ঘটনাটির নেপথ্যে আবুল কালাম পটোয়ারীর হাত ছিল এবং ঘটনা সংঘটনের ছয় মাসের মাথায় তাঁকে যথারীতি চাকরির অবসান করা হলো। অবশ্য এর দুই বছর পর কর্তৃপক্ষ নিশ্চিতভাবে বুঝতে পেরেছিল যে তাদের এ ধারণা ছিল অমূলক। উল্লেখ্য, প্রচণ্ড অভাবের সংসারে বিনা দোষে হঠাৎ চাকরি হারিয়ে আবুল কালাম পাটোয়ারী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। এ কথা সত্য যে কর্তৃপক্ষ/মালিক সংশ্লিষ্ট শ্রমিককে ক্ষতিপূরণ দেন। কিন্তু বিনা কারণে চাকরি হারানোর আর্থিক ক্ষতি এবং সামাজিক ও মানসিক যাতনার সঙ্গে অবসানের ফি বাবদ ১২০ দিনের মূল বেতনসহ ক্ষতিপূরণের কিছু অর্থ প্রাপ্তিকে তুলনা করা চলে না। মোদ্দা কথা, এই আইনটির অপপ্রয়োগের সুযোগ যথেষ্ট রয়েছে এবং অহরহ এর অপপ্রয়োগ ঘটছে। আইনত এটিকে (Termination of employment of Worker) কোনো ‘শাস্তি’ বলা না হলেও বাস্তবিক পক্ষে বেশির ভাগ ক্ষেত্রে একে পরিকল্পিত শাস্তিস্বরূপই ব্যবহার করা হয়ে থাকে; যার ফলে স্বাভাবিক ন্যায়বিচার লঙ্ঘিত হয় অবলীলায়। এ অর্থে এটিকে একটি ‘কালাকানুন’ বলা যায়। কেননা, এই রাষ্ট্রীয় আইন নিজেই এর অপপ্রয়োগের সদর দরজা অবারিত করে রেখেছে। বিষয়টি সাংবিধানিক মৌলিক অধিকার খর্বকারী। আইনের একটি মৌলিক ন্যায়পরায়ণ নীতি উল্লেখ করা যায়। বলা হয়— ইকুইটি প্রতিকারবিহীন কোনো অন্যায়কে সহ্য করে না। এ নীতিটি ন্যায়পরায়ণতা আইনের মূল ভিত্তি। এর ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো অন্যায় কাজকে ন্যায়বিচারের আদালতে প্রতিকারযোগ্য বলে মনে হয়, তা হলে ন্যায়বিচারের কোনো অবস্থাতেই এরূপ অন্যায় কাজকে প্রতিকারবিহীন অবস্থায় থাকতে দেবে না, অর্থাৎ যদি কোনো অন্যায়কে সংশোধন করা সম্ভব হয়, তাহলে ন্যায়বিচার কোনোক্রমেই তা অসংশোধনীয় অবস্থায় সহ্য করবে না। এ অবস্থায় শ্রম আইনের অপপ্রয়োগ হওয়ার প্রেক্ষাপটে উপযুক্ত ন্যায়পর নীতিসহ বিধানটি পুনর্বিবেচনাযোগ্য ও পরিমার্জনযোগ্য।কতিপয় সুপারিশক. শ্রম আইনে এই মর্মে বিধান করা দরকার যে, কোনো একটি নির্দিষ্ট বছরে কোনো প্রতিষ্ঠানে বিভিন্ন আইনানুগ পদ্ধতিতে যত শ্রমিকের চাকরি অবসান করা হবে, টারমিনেশনের মাধ্যমে অবসানকৃত শ্রমিকের সংখ্যা তদপেক্ষা বেশি হতে পারবে না। খ. টারমিনেশনের বিধানটি এমন হতে পারে, যে শ্রমিকের চাকরি অবসান করতে হবে, তাঁকে শুরুতেই ৬০ দিনের জন্য সবেতনে বাধ্যতামূলক ছুটি দেওয়া হবে। ৬০ দিন অতিক্রান্ত হওয়ার পর অর্থাৎ ৬১তম দিন থেকে প্রক্রিয়া কার্যকর শুরু হবে। এই ৬০ দিনের মধ্যে মালিক/কর্তৃপক্ষ চাকরি অবসানের নির্দেশনা প্রত্যাহার করে নিতে পারবে। এর ফলে টারমিনেশন কাজটি ব্যয়বহুল হওয়ার কারণে মালিকপক্ষ সহসাই এ পথে অগ্রসর হওয়ার চিন্তা কম করবে। অন্যদিকে চাকরি অবসানের সিদ্ধান্ত অগত্যা বহাল থাকলেও ওই শ্রমিক নতুন একটি কর্মসংস্থানের জন্য যথেষ্ট সময় পাবেন। এভাবে সংশ্লিষ্ট শ্রমিকের চাকরি হারানোর ক্ষতি ও বেদনা অনেকখানি লাঘব হবে। গ. ছাঁটাই, ডিসচার্জ, ডিসমিস ইত্যাদি আইনানুগ বিধান থাকা সত্ত্বেও কোম্পানির স্বার্থে কেন একজন স্থায়ী শ্রমিককে অপসারণ করা জরুরি ছিল, এ বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহির জন্য প্রকৃত সত্যতা ও বাস্তবতা যাচাইয়ের এখতিয়ার শ্রম পরিদর্শন দপ্তর ও শ্রম আদালতের থাকবে। ঘ. ধারা ২০৫-২০৭-এ বর্ণিত বিধান অনুযায়ী, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি সমন্বয়ে গঠিত অংশগ্রহণকারী কমিটির কাজ, সভা ও সুপারিশ বাস্তবায়ন যাতে করে যথাযথভাবে সম্পন্ন হয়, সেদিকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহকে তীক্ষ দৃষ্টি দিতে হবে। এর ফলে শ্রমিক ও মালিকের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস, সমঝোতা ও সহযোগিতা বৃদ্ধি পাবে এবং চাকরি অবসানের প্রয়োগ ও অপপ্রয়োগ দুই-ই হ্রাস পেতে পারে। লেখক  আইনজীবী।