শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা উপেক্ষিত
দুর্ঘটনায় কর্মক্ষেত্রে হতাহত শ্রমিকের সংখ্যা বাড়ছে। শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে সরকার উদাসীন। বিভিন্ন দুর্ঘটনার তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনগুলোও প্রকাশিত হয় না। শ্রম আইন, ২০০৬-এ হতাহতের জন্য যে ক্ষতিপূরণ নির্ধারণ করা আছে, তা-ও অনেক কম। তবে শ্রম আইনের সংশোধনী প্রস্তাবে ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।বিষয়টি সম্পর্কে মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেন, দুর্ঘটনা ঘটলে ব্যাপক প্রচার হয়। মালিকেরা দেখানোর জন্য ক্ষতিপূরণও দেন। কিন্তু হতাহত সব শ্রমিক ক্ষতিপূরণ পেলেন কি না, সে ব্যাপরে সরকারের নজরদারি নেই। বাংলাদেশ অক্যুপেশনাল সেইফটি, হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (ওশি) নির্বাহী পরিচালক এ আর চৌধুরী বলেন, আইনে প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য ক্ষতিপূরণের বিধান আছে। অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকেরা সেই অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশ জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালার খসড়ায় অবশ্য সব শ্রমিককে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে।সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রণীত ওশির প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি থেকে ২০ এপ্রিল পর্যন্ত কর্মক্ষেত্রে ও কর্মক্ষেত্রে আসা-যাওয়ার পথে বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন ৫৮৬ জন শ্রমিক। আহত হয়েছেন ৪২৪ জন। এই সংস্থার ২০০৬ সাল থেকে ২০১০ পর্যন্ত পাঁচ বছরের হিসাবে নিহত হয়েছেন আট হাজার ৫৯ জন, আহত হয়েছেন ১২ হাজার ৩৭৭ জন শ্রমিক।বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিল্স) ২০০০ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত খসড়া প্রতিবেদন অনুযায়ী কর্মক্ষেত্রে মারা যাওয়া মোট শ্রমিকের সংখ্যা চার হাজার ৬৫১ জন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০০৯ সালে কর্মক্ষেত্রে মারা যাওয়া শ্রমিকের সংখ্যা ছিল ৪৪ জন। আহতসহ সংখ্যাটি প্রায় এক হাজার। ওই বছর ক্ষতিপূরণ দেওয়া হয় ৩৬ লাখ ৫০ হাজার ৯৬৬ টাকা।পরিদপ্তরের প্রধান পরিদর্শক মো. হাবিবুল ইসলাম বলেন, তাঁরা শুধু প্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের পরিসংখ্যান রাখেন। তাই সংখ্যাটি বেসরকারি সংগঠনের সংখ্যার চেয়ে কম হয়। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পরিদপ্তরের জনবল-সংকটের কারণে পরিসংখ্যানটি কখনোই যথাযথ হয় না।ক্ষতিপূরণ: কর্মক্ষেত্রে দুর্ঘটনায় কোনো শ্রমিক মারা গেলে শ্রম আইনে এক লাখ টাকা এবং মারাত্মক শারীরিক জখম ও স্থায়ী পঙ্গুত্বের ক্ষেত্রে এক লাখ ২৫ হাজার টাকা দেওয়ার বিধান আছে।সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রথম আলোকে বলেন, ‘কর্মক্ষেত্রে নারীদের যৌন নির্যাতনসহ অনেক দুর্ঘটনা ঘটে। দু-একজন শ্রমিকের দুর্ঘটনা ঘটলে মালিক ক্ষতিপূরণ দেন কি না, তা সেভাবে দেখাও হয় না।’হামিদা হোসেন বলেন, ‘একজন শ্রমিকের কর্মজীবন কতটুকু দীর্ঘ হতো, সে হিসাবে ক্ষতিপূরণ নির্ধারণ করা উচিত। কিছুদিন আগে পত্রিকায় দেখলাম, স্পেকট্রাম পোশাক কারখানার একজন শ্রমিক জানিয়েছেন, তিনি দুর্ঘটনায় পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গেছেন। এখনো চিকিৎসা চালাতে হচ্ছে। কিন্তু কারখানার মালিক কোনো সহায়তা দিচ্ছেন না।’শ্রমিকদের জন্য বেশি ক্ষতিকর কাজের মধ্যে জাহাজ ভাঙা উল্লেখযোগ্য। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, ‘১৭ এপ্রিল শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনার সময়ও শ্রমিক নেতারা জানালেন, জাহাজভাঙা শিল্পে বহু দুর্ঘটনায় মালিক শ্রমিকের লাশটিও গুম করে ফেলছেন। এ থেকেই বোঝা যাচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ।’এই শিল্পের কোনো শ্রমিক মারা গেলে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিলেসর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, ‘মালিকের অবহেলায় দুর্ঘটনা ঘটলে এবং শ্রমিক আহত বা নিহত হলে শুধু ক্ষতিপূরণ নয়, মালিককে শাস্তির আওতায় আনতে হবে।’আইনের বাস্তবায়ন: শ্রম আইন অনুযায়ী ‘জাতীয় শিল্প, স্বাস্থ্য ও নিরাপত্তা কাউন্সিল’ শীর্ষক ত্রিপক্ষীয় কাউন্সিলটির নিয়মিত সভাই হয় না। ২০০৬ সালের শ্রমিককল্যাণ ফাউন্ডেশন আইনের অধীনে গঠিত ফাউন্ডেশনটিও অকার্যকর। ফাউন্ডেশনের তহবিলে সরকার এখনো কোনো অর্থ দেয়নি। ফাউন্ডেশনের সদস্য আবদুল মতিন মাস্টার বলেন, বিগত বিএনপি সরকার ফাউন্ডেশনকে অকার্যকর করে রেখেছিল। বর্তমানে একে কার্যকর করার প্রক্রিয়া চলছে।শ্রম মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইসরাফিল আলম বলেন, শ্রম আইন বাস্তবায়ন, শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তরের দায়িত্ব। কিন্তু জেলা-উপজেলায় তাদের কার্যালয় না থাকায় সেখানে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দেখার কেউ নেই।