শ্রমিকের যত কান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-বাবা আদর করে নাম রেখেছিলেন আদুরী। আদুরীও এখন এক কন্যাসন্তানের মা। আদুরীর বাবা বেঁচে নেই। নেত্রকোনার মদনের একটি গ্রামে আদুরীর বেড়ে ওঠা। গরিব ঘরের মেয়ে টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি। তাঁর বড় এক ভাই এলাকায় মুদি দোকান নিয়ে বসেছেন। আদুরীর বিয়ে হয় এলাকাতেই। স্বামী একটি আইসক্রিম কারখানায় কাজ করেন। স্বামীর আয়ে সংসার চলে না। তাঁর এক নিকটাত্মীয়ের মাধ্যমে কাজ নেন গাজীপুরের একটি কারখানায়। কাজ পেয়ে তো আদুরী মহাখুশি। সব মিলিয়ে মাসে বেতন পান তিন হাজার ৭০০ টাকা। এতেই খুশি তিনি। স্বামী-স্ত্রী আর এক মেয়ের সংসার, ভালোই কেটে যায় দুজনের আয়ে। কিন্তু আদুরী চাকরির নয় মাসের মাথায় প্রচণ্ড রোগে আক্রান্ত হন। জন্ডিস ধরা পড়ে তাঁর। তিন দিনের ছুটি নিয়ে বাড়িতে যান আদুরী। যদিও সপ্তাহে সপ্তাহে বাড়ি যেতেন বন্ধের দিনে। তিন বছরের মেয়েটি তাঁর সঙ্গেই থাকে। কারখানার কাছেই একটি মেস ভাড়া নিয়ে থাকেন তিনি। রোগাক্রান্ত হয়ে বাড়ি যাওয়ার পর তাঁর অসুস্থতা বেড়ে যায়। শয্যাশায়ী হয়ে পড়েন। তিন দিনের ছুটি শেষে কাজে যোগ দিতে পারেননি আদুরী। উপায় না দেখে তাঁর স্বামীর মাধ্যমে কারখানায় যোগাযোগ করে কর্তৃপক্ষকে জানান তাঁর অসুস্থতার কথা। কর্তৃপক্ষ শোনে, কিছু বলে না। কোনো এক বড় কর্মকর্তা শুধু বলেন, ‘ঠিক আছে।’আদুরী ভাবলেন, এত বড় অসুখের কথা শুনে অফিসের স্যাররা মেনে নেবেন তাঁর ছুটির কথা। টানা ২২ দিনে একটু সুস্থ হয়েই আদুরী ফিরলেন অফিসে। কিন্তু অফিস থেকে বলা হয় ১ আগস্ট ২০১০ থেকে কাজে যোগ দিতে। এর আগে অসুস্থ হয়ে আদুরী বাড়ি যান ২৮ জুন। তিনি ভাবেন, হাতেগোনা কয়েকটা দিন, হয়তো এ জন্য ১ তারিখ থেকে কাজে আসতে বলেছে অফিস। কথামতো ১ তারিখে যান অফিসে। কিন্তু তাঁর মাথায় যে আকাশ ভেঙে পড়ল। তাঁকে কাজ করতে নিষেধ করা হলো আর বলা হলো, তাঁর জায়গায় অন্য কাউকে নিয়োগ দেওয়া হয়েছে। আদুরী অফিসেই কান্না শুরু করলেন। কিন্তু কাজ হলো না...। পরে তাঁকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বলা হলো, পরে জানানো হবে। এদিকে এই সান্ত্বনা শুনে দিন কাটতে থাকে তাঁর। প্রায় তিন মাস কেটে যায়। আদুরীকে জানানো হয় না কিছুই। আবারও যোগাযোগ করেন। কিছুই বলা হয় না। তাঁর কিছু বকেয়া টাকা দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।আদুরী এখন যাবেন কোথায়? আবারও অভাব-অনটনের চক্রে...। ঢাকায় আসেন আরেকটি কারখানায় কোনো চাকরি জোটে কি না। কিন্তু কাজ হয় না। উপায় না দেখে একটি বাসায় গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন, বারিধারা ডিওএইচএস এলাকায়। গৃহকর্তাকে সব খুলে বললে তাঁকে একটি বেসরকারি সংস্থায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে আগের ঘটনার কথা জানানো হয়। এই এনজিওটি থেকে দুই দফা চিঠি দেওয়া হয়েছে ওই কারখানায়। কিন্তু কর্তৃপক্ষের জবাব মেলে না। কথা হয় আদুরীর সঙ্গে। আদুরী বলেন, ‘কাজের লোক হিসেবে আমার কাজ করতে সমস্যা নাই, তবে আমি যে অন্যায়ভাবে চাকরি হারাইলাম, এর সমাধান চাই।’ তাঁর ভাষায়, গৃহকর্তা ভালো লোক বলেই তাঁকে এনজিওর কাছে নিয়ে এসেছেন। ওই সংস্থা থেকে বলা হয়, তারা এ ধরনের অনেক অভিযোগ পেয়ে থাকে। সাধারণ অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষকে সালিসের জন্য ডাকা হয়। তবে বেশির ভাগ সময়ই সালিসে আসেন না কারখানার বড় কর্মকর্তারা। সালিসে কাজ না হলে পরে শ্রম আদালতে মামলা করা হয়—দেওয়ানি ও ফৌজদারি উভয়। জানতে চাইলাম, আদুরীর ক্ষেত্রে কী হবে। বলা হলো, সালিসের জন্য দুবার চিঠি পৌঁছানো হয়েছে, এখন আরেকটি চিঠি দেওয়া হবে। না এলে শ্রম আদালতের আশ্রয় নেওয়া হবে। আদুরীর দিন কাটছে অস্থিরতায়। কী আছে তাঁর ভাগ্যে জানা নেই। অবশেষে কি গৃহকর্মী হিসেবেই পরিচয় দিতে হবে তাঁর?ঘটনা: দুইশ্রমিক বেলাল হোসেন বাগেরহাটের ছেলে। জীবিকার তাগিদে আসেন টঙ্গীতে। টঙ্গীতে অবস্থিত বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি নেন। ১৬ জুন, ২০০৯ সালে বেলাল তাঁর প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। বিদ্যুতের আঘাতে তাঁর জীবন আর রক্ষা হলো না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হলে বেলালের জীবনপ্রদীপ নিভে যায়। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা বেলালের বাবা। আইন অনুযায়ী ক্ষতিপূরণের টাকা পেতে বাবা ওই প্রতিষ্ঠানে গেলে তাঁকে পরে আসতে বলা হয়। কিন্তু পর পর কয়েকটি তারিখে এসেও কাজ হয় না। কেটে যায় এক বছর। পরে একটি বেসরকারি সংস্থায় অভিযোগ করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ঢাকার শ্রম আদালতে ক্ষতিপূরণের মামলা দায়ের করা হয়। কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ বাবদ এক লাখ টাকা দিতে আদেশ দেওয়া হয়। মামলাটি বিচারাধীন। বেলালের বাবা জানেন না, তাঁর ছেলের মৃত্যুর ক্ষতিপূরণের টাকা তিনি কবে পাবেন। যদিও কোনো ক্ষতিপূরণই তাঁর ছেলে হারানোর ক্ষতি পোষাতে পারবে না।ঘটনা: তিননির্মাণশ্রমিক নূর বানু স্বামী-সন্তানসহ ঢাকায় বিভিন্ন নির্মাণাধীন ভবনে কাজ করতেন। ২৮ সেপ্টেম্বর, ২০০৭ সালের ঘটনা। তেজগাঁওয়ের একটি ভবনে কাজ করতে গিয়ে আটতলা ভবন থেকে পা পিছলে পড়ে যান। গুরুতর অবস্থায় ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। দুই দিনের মাথায় মৃত্যু হয় নূর বানুর। নূর বানুর স্বামী পেয়ার আহমেদ তাঁর স্ত্রী মৃত্যুর জন্য ক্ষতিপূরণ দাবি করে ১৫ মে, ২০০৮ সালে ওই কোম্পানির কাছে লিখিত আবেদন দাখিল করেন। কিন্তু প্রায় দেড় বছর কারখানাটিতে ঘুরেও কোনো কাজ হয়নি। তাঁকে মিথ্যা আশ্বাস দিয়ে ফিরিয়ে দেওয়া হয় বারবার। উপায় না দেখে বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) শরণাপন্ন হন পেয়ার আহমেদ ২০০৯ সালের শেষ দিকে। ব্লাস্ট কয়েক দফায় কর্তৃপক্ষকে চিঠি দিলেও কোনো লাভ হয়নি। পরবর্তী সময়ে ঢাকায় তৃতীয় শ্রম আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের আদেশ আসে নূর বানুর মৃত্যুর জন্য ক্ষতিপূরণ এক লাখ টাকা তাঁর স্বামীকে দেওয়ার জন্য। অবশেষে অনেক লড়াই করে ১৫ জুলাই, ২০১০ সালে কর্তৃপক্ষ এক লাখ টাকা দিতে বাধ্য হয়। প্রায় তিন বছর ঘুরে ঘুরে মিলল ক্ষতিপূরণ। হয়তো এক লাখ টাকা একটি জীবনের মূল্যের কাছে কিছুই না। কিন্তু আইন অনুযায়ী সামান্য ক্ষতিপূরণ পেতেও একজন মৃত শ্রমিকের স্বজনদের কত সংগ্রাম করতে হয়।পাদটীকা:ক্ষতিপূরণসংক্রান্ত অধিকার শ্রমিকের মজুরি যা-ই হোক না কেন, কারখানায় কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক দুর্ঘটনার শিকার হন এবং তাঁর যদি কোনো অঙ্গহানি বা শারীরিক ক্ষতি হয় এবং এই ক্ষতি যদি স্থায়ী ধরনের হয়, তাহলে ওই শ্রমিক কারখানা থেকে ক্ষতিপূরণ হিসেবে সর্বোচ্চ এক লাখ ২৫ হাজার টাকা পাবেন। নিহত শ্রমিকের মজুরি যা-ই হোক না কেন, কারখানায় কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন, তাহলে ওই শ্রমিকের উত্তরাধিকারী বা তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তি বা পোষ্য কারখানা থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন। [email protected]