শ্রমের মান ও মজুরি বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কর্ম-সংস্থানের হার বাড়ছে, বাড়ছে শ্রমমজুরি। ২০০০-২০০৩ সময়কালে যেখানে গড়ে বার্ষিক কর্মসংস্থান বেড়েছে ৪ দশমিক ৪০ শতাংশ, সেখানে ২০০৩-২০০৬ সময়কালে তা ছিল ২ দশমিক ২০ শতাংশ। আর ২০০৬-১০ সময়কালে এই হার হয়েছে ৩ দশমিক ৩০ শতাংশ। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও শ্রমজীবীরা বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে এখন সময় এসেছে ভালো মানের কর্মসংস্থানের দিকে মনোযোগী হওয়ার। এ প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বলেন, ‘যেকোনো অর্থনীতিতে শ্রমিকের ভূমিকা ও অবদান নিয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। বাংলাদেশের অর্থনীতিও এর ব্যতিক্রম নয়। বরং সাম্প্রতিককালে অর্থনীতির বিকাশের সমান্তরালে শ্রমিকের অবদানেও বহুমুখিতা আসছে, বাড়ছে দক্ষতা ও বৈচিত্র্য।’রুশিদান বলেন, ‘শ্রমিকের কর্মসংস্থান বাড়ার মধ্য দিয়ে একদিকে যেমন অর্থনীতির বিভিন্ন খাতের এগিয়ে যাওয়ার বিষয়টি প্রতিফলিত হয়, অন্যদিকে তেমনি শ্রমিকের মজুরি বাড়ার বিষয়টিও উঠে আসে। আর কর্মসংস্থান বাড়লে মজুরি বাড়ার সম্ভাবনা জোরদার হয়। গত পাঁচ বছরে মোট মজুরি বেড়েছে ৮০ শতাংশ। আবার গত পাঁচ বছরের মোট মূল্যস্ফীতি ৪০ শতাংশ বিবেচনায় নিলে মোট প্রকৃত মজুরির মোট বৃদ্ধি হয়েছে ৪০ শতাংশের মতো। এটা একটা ভালো দিক।’কর্মসংস্থানের ক্ষেত্রে শিক্ষা একটা ভূমিকা রাখছে উল্লেখ করে রুশিদান জানান, ‘শিক্ষিত বা প্রশিক্ষিত শ্রমশক্তির কাজের সুযোগ যেমন বেশি, তেমনি তাদের মজুরিও বেশি। তবে তিনি বলেন, ‘কৃষি খাতে যে হারে মজুরি বাড়ছে, শিল্পোৎপাদন (ম্যানুফ্যাকচারিং) খাতে সেই হারে মজুরি বাড়ছে না। কৃষিশ্রমিকেরা দৈনিক ভিত্তিতে মজুরি পেয়ে থাকেন। শিল্পশ্রমিকেরা পেয়ে থাকেন মাসওয়ারি ভিত্তিতে। অনেকের কাছে এটা তুলনামূলকভাবে পছন্দনীয়। আবার নতুন শ্রমশক্তি তথা তরুণ-তরুণীদের কাছে কৃষির আকর্ষণ কমে গেছে। তাঁরা শিল্পে কাজ করতে বেশি আগ্রহী, নগরজীবনের প্রতি তাঁদের আকর্ষণও বাড়ছে। আর তাই গ্রাম থেকে শহরে এসে তাঁরা শিল্পকারখানায় একটু কম মজুরি নিয়ে কাজ করতে রাজি হন। আবার গ্রামের ও মফস্বলের মেয়েদের এখন আয়-উপার্জন করার ও পরিবারের ভরণ-পোষণ চালানোর চাপ থাকে। সব মিলিয়ে তাঁরা আর তেমন দর-কষাকষির জায়গায় থাকে না। এগুলো শিল্প খাতে মজুরি বৃদ্ধির হার কৃষির সমান্তরালে বাড়াতে দেয় না।’আবার কৃষিতে মাঠ পর্যায়ে কাজের ক্ষেত্রে নারীশ্রমিকদের তেমন একটা নিয়োগ দেওয়া হয় না—এই তথ্য উল্লেখ করে রুশিদান ইসলাম বলেন, ‘জমির মালিকেরা বেশির ভাগ ক্ষেত্রেই মনে করেন, যতক্ষণ পুরুষশ্রমিক পাওয়া যায়, ততক্ষণ নারীশ্রমিক খোঁজার কী প্রয়োজন। কৃষিতে নারীশ্রমিকদের চাহিদা কম থাকায় তাঁরা শিল্প ও সেবা খাতের দিকে ঝোঁকে।’রুশিদান বলেন, ‘বিশ্বব্যাংক “বেটার জব” বা উন্নততর কাজ চিহ্নিত করতে গিয়ে শুধু মজুরি বা আয়ের দিকে জোর দিয়েছে। যে কাজে বেশি ও ভালো আয়-উপার্জন করা যায়, সেটিকেই উন্নত মানের কাজ বলা হচ্ছে।’কিন্তু শুধু আয় দিয়ে উন্নত মানের কাজকে চিহ্নিত করা ঠিক নয় বলে অভিমত প্রকাশ করেন রুশিদান। তিনি বলেন, ‘দেখা প্রয়োজন যে কাজটি কী নিয়মিত না অনিয়মিত। আবার মজুরি নিয়মিত বাড়ছে কি না। কর্মসংস্থান যদি নিয়মিত না হয়, বেতন-মজুরি যদি নিয়মিত না হয়, তাহলে তাকে ভালো মানের কাজ বলা যায় না। আবার কাজের পাশাপাশি শ্রমিকের আবাসন-পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ ভালো মানের কর্মসংস্থানের জন্য ঢাকাকেন্দ্রিক প্রবণতার বদলে জেলা ও বিভাগীয় শহরকেন্দ্রিক কর্মসংস্থান সৃষ্টির দিকে জোর দেন রুশিদান ইসলাম। তিনি বলেন, ‘তাতে শ্রমিকের আবাসন একটু উন্নত হবে, যাতায়াত হবে ব্যয়সাশ্রয়ী। তাঁর খাওয়া-পরা উন্নত করার সুযোগও তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) অনেক দিন ধরে ‘ডিসেন্ট ওয়ার্কের’ কথা বলে আসছে। এ ক্ষেত্রে শ্রমের প্রকৃত মজুরি, শ্রমের মান, শ্রমিকের সংগঠিত হওয়ার অধিকার বিবেচনায় নেওয়া হয়। এটাও মূলত ভালো মানের কর্মসংস্থানকেই বোঝায়। অর্থনীতির বৃহত্তর উৎপাদনশীলতা বিভিন্ন খাতে ভালো মানের কর্মসংস্থান নিশ্চিত করার দিকে জোর দিতে হবে।’ ভালো মানের কর্মসংস্থান বাড়ানোর জন্য দুই দিক থেকে কাজ করতে হবে বলেও মনে করেন রুশিদান ইসলাম রহমান। তিনি বলেন, একদিকে শ্রমিকের জন্য মানসম্মত স্কুলশিক্ষা ও উন্নততর দক্ষতা-প্রশিক্ষণ প্রয়োজন। অন্যদিকে বিনিয়োগ হার বাড়িয়ে উচ্চ স্তরের রপ্তানিশিল্পে ও দক্ষতাভিত্তিক সেবা খাতে প্রবৃদ্ধি বাড়াতে হবে।