শ্রাবণধারায় আমনে স্বস্তি, জীবনে কষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বর্ষা সম্পর্কে ক্ষণজন্মা নারী খনা বলেছেন, ‘ধারা শ্রাবণ, পচা ভাদ্র।’ অর্থাৎ শ্রাবণ মাসে বৃষ্টির ধারা ঝরবে অবিরাম। এখন শেষ শ্রাবণে দেশ জুড়ে সেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিধারায় ভাদ্র মাসে গিয়ে সবকিছুতে পচন ধরার অবস্থা হবে।আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি আরও হবে। ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলে আজ বুধবারের পর বৃষ্টির ধারা ধরে আসতে পারে। তবে দেশের অন্যত্র, বিশেষ করে দক্ষিণাঞ্চলে আরও দু-এক দিন চলবে অবিরাম ধারায়।কৃষিপ্রধান বাংলাদেশের অন্যতম প্রধান ফসল আমন ধান বৃষ্টিনির্ভর। এই বৃষ্টিপাত তাই কৃষির জন্য স্বস্তির। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্র জানায়, বেশ কয়েক বছর পর এবার আমন মৌসুমে ভালো বৃষ্টি হচ্ছে। অন্যান্য বছর যেমন বিচ্ছিন্নভাবে অঞ্চলভিত্তিক ছিল শ্রাবণের বৃষ্টি, এবার তেমনটি নয়। ‘সাম্যবাদী বৃষ্টি’ একযোগে হচ্ছে মোটামুটি সারা দেশে। তাই আমনচাষিরা খুশি। কৃষি বিভাগও আশান্বিত, এবার আমন ভালো হবে।আর এই বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন রোজাদারেরা। তাপ তাঁদের তৃষিত করতে পারেনি। ছিল না লোডশেডিং-যন্ত্রণা। থাকলেও টের পাওয়া যায়নি আলোর ঘাটতি চোখে না পড়া পর্যন্ত। পানির সংকটও অনুভূত হয়েছে কম। তবে শ্রাবণের এই বৃষ্টি কষ্ট বিছিয়েছে রাস্তাঘাটে। পানি-কাদায় একাকার পথঘাট। শহরে-নগরে ঘরে-বাইরের জীবনে একই রকম অস্বস্তি। শ্রমজীবী-কর্মজীবী মানুষের জন্য শহর-নগরনির্বিশেষে অবিরাম বৃষ্টিস্নাত দিন বড় দুর্ভোগের। দিনমজুরদের জন্য বেকারত্বেরও।নগরে জলাবদ্ধতা: ঢাকাসহ দেশের প্রায় সব শহরে-নগরের সম্প্রসারণ হচ্ছে অপরিকল্পিতভাবে। তাই বৃষ্টি হলেই জলাবদ্ধতা এখন নাগরিক সঙ্গী। আর ধারা শ্রাবণ হলে তো কথাই নেই। ঢাকা-চট্টগ্রামসহ অনেক শহরে-নগরের বহু রাস্তায় হাঁটুপানি জমেছে।ঢাকার রোকেয়া সরণি এখন জলাবদ্ধতার জন্য ‘কুখ্যাত’ হয়ে উঠেছে। একসময় যেমন ছিল শান্তিনগর। মিরপুর রোড, ধানমন্ডি, মোহাম্মদপুর, জিগাতলা, লালবাগ, নয়াপল্টন, মতিঝিলসহ অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি করেছে এই বৃষ্টি।যানজট: নগরে জলাবদ্ধতার হাত ধরেই আসে যানজট। বাইরে বৃষ্টি, বাসের চাকা পর্যন্ত রাস্তার পানির নিচে। সেই বাসের মধ্যে বসে নিত্যযাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। যাঁরা ব্যক্তিগত গাড়িতে চলেন, তাঁরাও তো যানজটের আওতাভুক্তই। ফলে দুর্ভোগ সর্বজনীন। আধা ঘণ্টার পথ যেতে লাগে দুই ঘণ্টা।দুই দিন ধরে নগরের প্রায় সব রাস্তায় জলাবদ্ধতাজনিত যানজট লেগে আছে। তার ওপর ঈদের বাজার জমে উঠতে শুরু করায় রাস্তায়-বাজারে মানুষের যাতায়াত বেড়েছে। বেড়েছে যানজট আর দুর্ভোগও। কর্মজীবীদের কষ্ট: বৃষ্টিতে কর্মজীবী মানুষের কষ্টের সীমা থাকে না। ভিজে একাকার হয়েও কাজ করতে হয়। এ ছাড়া যে দিনমজুর মানুষগুলো প্রতিদিন সকালবেলা মিরপুর ১ নম্বর গোলচত্বরে কিংবা হাতিরপুল বাজারের কাছে লাইন ধরে বসে থাকেন কাজের আশায়, বৃষ্টি তাঁদের অনেকের জন্য বেকারত্ব, অনাহার নিয়ে আসে। গ্রামেও শ্রাবণের অবিরাম বৃষ্টিঝরার দিনগুলোতে দিনমজুরদের কাজ পাওয়া কঠিন হয়।আজও বৃষ্টির সম্ভাবনা: গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫৬ মিলিমিটার। গতকালের ওই ১২ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও কক্সবাজারে যথাক্রমে ১২৭, ১২৪ ও ১০০ মিলিমিটার।এ ছাড়া গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গাইলে ৬০ মিলিমিটার, খেপুপাড়ায় ৮৬, পটুয়াখালীতে ৪৯, সন্দ্বীপে ৫৬, ফেনীতে ৪৬, হাতিয়ায় ৩২, রাজশাহীতে ৮৫, ঈশ্বরদীতে ৪১, বগুড়ায় ৪৩, সিলেটে ৫২, সৈয়দপুরে ২৬, চুয়াডাঙ্গায় ২৫, বরিশালে ২২ ও খুলনায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে গত পরশু বৃষ্টি হয়েছে। আজও সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।