শ্রীকাইলে দ্বিতীয় স্তরেও গ্যাস পেয়েছে বাপেক্স
কুমিল্লার মুরাদনগরের শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের একটি নতুন স্তরে গ্যাস পেয়েছে বাপেক্স। আজ সোমবার ১১ টার দিকে এই স্তর থেকে ১৭ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উঠতে শুরু করেছে। রাতে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মতুর্জা আহমেদ ফারুক প্রথম আলো ডটকমকে এই খবর জানান।মতুর্জা আহমেদ ফারুক আরও জানান, কুমিল্লার মুরাদনগরের এই ক্ষেত্রটিতে গত ১৩ জুলাই প্রথম একটি স্তরে গ্যাস পাওয়া যায়। তখনই বাপেক্সের পক্ষ থেকে বলা হয়েছিল খননের সময় আরও একটি স্তরের সন্ধান পাওয়া গেছে। ১৭ দিন পর সেখান থেকে বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস তোলা শুরু হয়েছে। এই গ্রাস ক্ষেত্রটি একটু ওপরের দিকে। এখন এই গ্যাস ক্ষেত্র থেকে আগামী নভেম্বর মাস নাগাদ প্রতিদিন ৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস তোলা সম্ভব হবে বলেও তিনি জানান। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানান, নতুন এই স্তরটি ২ হাজার ৯৬৩ মিটার থেকে শুরু ২৫ মিটার পুরু। এর মধ্যে মাত্র সাত মিটার থেকে গ্যাস প্রবাহিত হচ্ছে। এরপরে এটি থেকে আস্তে আস্তে আরও গ্যাসের প্রবাহ বাড়ানো হবে।