মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আজ সোমবার শ্রীনগর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়ক রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত এবং প্রথম আলোর সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সারা দিন বন্ধ থাকার পর ওই মহাসড়কে সন্ধ্যার পর থেকে কিছু কিছু গাড়ি চলাচল শুরু হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।এদিকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এ ঘটনাকে ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেছেন। বিএনপি সহিংস ঘটনার জন্য সরকারকে দায়ী করেছে। তবে সরকারদলীয় স্থানীয় তিন সাংসদ এর জন্য পাল্টা বিএনপিকে দায়ী করেছেন।ঘটনার বিবরণ: পুলিশ, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অবরোধের ঘোষণায় আজ সকালেই ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জ, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ ও দক্ষিণাঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে মুন্সিগঞ্জের হাসারা বাসস্ট্যান্ডে লাঠিসোঁটা নিয়ে এলাকার হাজার হাজার লোক জড়ো হয়।শ্রীপুর ও আশপাশের এলাকার লোকজনও জড়ো হতে থাকে। তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ লোকজনের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে এবং ব্যাপক মারধর করে। বিক্ষুব্ধ জনতাও মারমুখী হয়ে পুলিশের ওপর হামলা চালায়। রাস্তার আশপাশে থাকা গাড়িতে ও হাসারা পুলিশ ক্যাম্পে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। উভয় পক্ষের সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়।বেলা আড়াইটার দিকে বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে চলে গেলেও সন্ধ্যা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। সন্ধ্যার পর থেকে সীমিত পরিসরে গাড়ি চলাচল শুরু হয়।কেরানীগঞ্জের কদমতলী চত্বর সংযোগ সড়ক, মুন্সিগঞ্জের নিমতলী, হাসারা ও শ্রীনগর এলাকা এবং ধলেশ্বরী সেতুর উভয় পাড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। মুন্সিগঞ্জের নিমতলী, হাসারা ও শ্রীনগরে সব দোকানপাট সারা দিন বন্ধ থাকে।শ্রীনগরের (সার্কেল) এএসপি মোহাম্মদ কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিও আহত হয়েছেন। পুলিশের কোনো অস্ত্র খোয়া গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ নিহত: গুরুতর আহত অবস্থায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিউর রহমান নামে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়। ওই হাসপাতালের জরুরি বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।প্রথম আলোর সাংবাদিক আহত: সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত হন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক গোলাম মর্তুজা। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও স্থানীয় একদল লোক গোলাম মর্তুজাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাঁর মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বর্তমানে তিনি রাজধানীর ট্রমা সেন্টারে চিকিত্সা নিচ্ছেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, যখন সরকার উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড হাতে নেয়, তখনই বাধা আসে। প্রভাবশালী মহল ষড়যন্ত্রমূলকভাবে বাধা দেয় বলে তিনি মন্তব্য করেন।বিএনপির বক্তব্য: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ঘটনার জন্য সরকারি দলকে দায়ী করেছেন। সরকার অহেতুক অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে বলেও তিনি মন্তব্য করেন।স্থানীয় তিন সাংসদের বক্তব্য: মুন্সিগঞ্জের সরকারদলীয় স্থানীয় তিন সাংসদ আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে রক্তাক্ত এ ঘটনার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করেন।আইজিপির বক্তব্য: পুলিশের আহত সদস্যদের হাসপাতালে দেখতে গিয়ে আইজিপি সাংবাদিকদের বলেন, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অবিলম্বে তাদের গ্রেপ্তার করা হবে।