শ্রীনগরে এক পক্ষের বিক্ষোভ, অন্য পক্ষের আনন্দমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর এবং ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় বিস্তৃত আড়িয়ল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সরকারি সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষ ওই সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা-মাওয়া মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে। একই সময় অপর পক্ষ বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল করেছে।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সম্ভাব্য স্থান হিসেবে আড়িয়ল বিল, ফরিদপুরের ভাঙ্গা ও ময়মনসিংহের ত্রিশালকে নির্বাচন করে। ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তাঁর উপস্থিতিতে এক সভায় সবচেয়ে সুবিধাজনক স্থান হিসেবে আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়।জানা গেছে, আড়িয়ল বিলের আয়তন প্রায় ৫০ হাজার একর। এর প্রায় অর্ধেক জমি বিমানবন্দরের জন্য অধিগ্রহণ করা হতে পারে।বিরোধীদের কর্মসূচি: বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের খবরে আড়িয়ল বিলের জমির মালিক বিশেষ করে শ্রীনগরের বাড়ৈখালী, হাসাড়া, ষোলঘর, শ্যামসিদ্ধি ইউনিয়নের লোকজনের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারা ‘আড়িয়ল বিল রক্ষা কমিটি’ গঠন করে ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয় এবং বিভিন্ন ইউনিয়নে মানববন্ধন করে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চার-পাঁচটি ইউনিয়নের ১৫ থেকে ২০ হাজার লোক শ্রীনগরের হাসাড়ায় ঢাকা-মাওয়া সড়কে অবস্থান নিয়ে গতকাল সকাল ১০টায় মানববন্ধন করে। মানববন্ধনের পর প্রতিবাদ মিছিল করা হয়। চার ঘণ্টার মানববন্ধন ও অবরোধ কর্মসূচি চলাকালে স্থানীয় জনতা স্লোগান দেয়, ‘আড়িয়ল বিল রক্ষা করো’, ‘রক্ত দেব তো, বিল দেব না’। এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে যাত্রীরা। পণ্যবাহী বিপুলসংখ্যক ট্রাক আটকা পড়ে। দুপুর দুইটায় কর্মসূচি শেষ হয়।আড়িয়ল বিল রক্ষা কমিটির সভাপতি আলমপুর গ্রামের মোকদম শেখ বলেন, ‘আমরা কৃষি জমি নষ্ট করে বিমানবন্দর চাই না। বিমানবন্দর হলে এই এলাকার হাজারও কৃষক বেকার হয়ে পড়বে। এর প্রতিবাদে আমরা এই মানববন্ধন করেছি।’ বাড়ৈখালী ইউনিয়নের বাসিন্দা মাসুদা খান বলেন, ‘এই গরিব দেশে আরেকটি বিমানবন্দর নির্মাণের প্রয়োজন কী? শাহজালাল বিমানবন্দর ও চট্টগ্রামের বিমানবন্দরকে আরও আধুনিক করলেই হয়।’ সমর্থকদের পদক্ষেপ: ঢাকা-মাওয়া সড়কের শ্রীনগরের ছনবাড়ীতে বিমানবন্দর নির্মাণের পক্ষের আনন্দ মিছিলে উপস্থিত ছিল শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ ক্ষমতাসীন দলের কয়েক শ নেতা-কর্মী-সমর্থক ও এলাকাবাসী। সচেতন নাগরিক সমাজের ব্যানারে তারা বিমানবন্দর নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রকল্প বাস্তবায়ন করা হোক। এখানে বিমানবন্দর নির্মিত হলে এলাকার আরও উন্নয়ন হবে। ঢাকার ওপর চাপ কমবে। অনেকের কর্মসংস্থান হবে। কিন্তু বিলের মধ্যে যাঁদের জমি আছে, তাঁরা মানুষকে ভুল বুঝাচ্ছেন। বিমানবন্দর যাতে না হয় সে জন্য তারা উঠেপড়ে লেগেছেন।’মুন্সিগঞ্জ-১ আসনের (শ্রীনগর ও সিরাজদিখান) সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ বলেন, জনগণের ন্যায্য ক্ষতিপূরণ প্রাপ্তি এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন তিনি।প্রশাসনের বক্তব্য: শ্রীনগরের ইউএনও আবদুল লতিফ গতকাল বলেন, কতটুকু জমিতে বিমানবন্দর নির্মাণ করা হবে এখনো সে সিদ্ধান্ত হয়নি। নবাবগঞ্জের ইউএনও জানান, এখন পর্যন্ত জমি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে নবাবগঞ্জ অংশে আড়াই হাজার একর জমি পড়ার সম্ভাবনা রয়েছে।দোহারের ইউএনও রথীন্দ্রনাথ দত্ত বলেন, শ্রীনগর, দোহার ও নবাবগঞ্জের জনবসতিপূর্ণ এলাকা যাতে বিমানবন্দরের আওতায় না পড়ে, সেদিক বিবেচনা করতে গিয়ে আড়িয়ল বিলের জমিই কেবল গ্রহণ করা হচ্ছে। বিমানবন্দর নির্মাণপ্রক্রিয়ার এখনো অনেক বাকি। সভায় কেবল সিদ্ধান্ত হয়েছে।