শ্রীনগরে সহিংসতা: গ্রেপ্তার ২০, খালেদার মামলা থানায় নথিভুক্ত
আড়িয়ল বিলে প্রস্তাবিত বিমানবন্দরের বিরুদ্ধে গত সোমবার স্থানীয় বাসিন্দাদের সহিংস বিক্ষোভের ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হত্যা, হামলা, ফাঁড়িতে অগ্নিসংযোগ ও অস্ত্রলুটের ঘটনায় পুলিশের করা তিনটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের এএসপি কামরুল ইসলাম জানান, গত সোমবারের সহিংস ঘটনায় এ পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে বিক্ষুব্ধ গ্রামবাসীর বাধার মুখে অভিযান পরিচালনা করা যায়নি। হাসাড়া থেকে শ্রীনগরের বিভিন্ন সংযোগ সড়কে আন্দোলনকারীরা গাছ কেটে রাস্তার ব্যারিকেড দিয়ে রাখে এবং আলমপুরের কাছে একটি বেইলি সেতু খুলে ফেলে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে তিনটি মামলা প্রত্যাহারের দাবিতে এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পদত্যাগের দাবিতে আজ বেলা তিনটায় নবাবগঞ্জ উপজেলার চুড়াইন মুন্সিনগর এলাকায় বিক্ষোভ করবে স্থানীয় লোকজন ও আড়িয়ল বিল রক্ষা কমিটি।এএসপি আরও জানান, এ ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে।