শ্রীনগরে ১৪৪ ধারা জারি
একই স্থানে বিএনপি ও যুবলীগ সভার ডাক দেওয়ায় মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল লতিফ মোল্লা জানান, আজ শুক্রবার সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এ আদেশ বলবত্ থাকবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ওই স্কুল মাঠে এ দুই পক্ষ সভা ডেকেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা বিএনপি ১৫ মার্চ আরদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভার জন্য স্কুল ব্যবস্থাপনা কমিটির কাছে লিখিত আবেদন করে। গত ১৯ মার্চ তারা স্কুল কর্তৃপক্ষ থেকে অনুমতি পায়। এদিকে উপজেলা যুবলীগ একই স্থানে একই দিনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের ঘোষণা দেয়। তাদের পক্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ আল মামুন আবেদন করেন। তাঁরা সভা সম্পর্কে মাইকিংও করে। দুই পক্ষ সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই স্থানে ১৪৪ ধারা জারি করে। এখন সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।