শ্রীনগরের কিছু অংশে আবারও কারফিউ
গতকাল সোমবার রাতে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষের পর কাশ্মীরের শ্রীনগরের কিছু অংশে আবারও কারফিউ জারি করা হয়েছে। রাইনাওয়ারি, মহারাজগঞ্জ, সাফাকাদাল, খানইয়ার, নওহাটা, মাইসুমা, বাটামালো ও ক্রালখুদ—এই আটটি থানা এলাকায় আজ মঙ্গলবার ভোর থেকে কারফিউ জারি করা হয়েছে।জানা গেছে, গতকাল সোমবার নওহাটা এলাকায় তারাবির নামাজ শেষে বিক্ষোভকারীরা স্থানীয় থানা লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। রাজৌরি কাদাল, করন নগর, রাওয়ালপোড়া ও মাইসুমা অঞ্চলেও এ ধরনের বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।শ্রীনগরের জেলা ম্যাজিস্ট্রেট মেহরাজ আহমেদ কাকরু জানিয়েছেন, গোটা শহরেই বিক্ষোভ, মিছিল প্রভৃতির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেছেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পরিস্থিতি অনুযায়ী আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’পিটিআই