শ্রীনগরের সংঘর্ষে খোয়া যাওয়া পুলিশের অস্ত্র উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে গত সোমবারের সংঘর্ষে পুলিশের খোয়া যাওয়া একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাব-১১-এর একটি দল গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে হাসাড়ায় ফুটবল খেলার মাঠ থেকে একটি শটগান উদ্ধার করেছে।পুলিশের সঙ্গে জনতার ওই সংঘর্ষের সময় পুলিশের তিনটি শটগান, একটি গ্যাসগান ও ১৯টি গুলি খোয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওই বিমানবন্দর নির্মাণের প্রতিবাদে গত সোমবার বিল রক্ষা কমিটির আহ্বানে হাজার হাজার গ্রামবাসী ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত এবং সাংবাদিক, পুলিশ, ম্যাজিস্ট্রেট, গ্রামবাসীসহ শতাধিক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে। প্রতিটি মামলায় সাত হাজার করে গ্রামবাসীকে আসামি করা হয়।