শ্রীপুর ও বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
গাজীপুরের শ্রীপুর ও রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ বুধবার ভোরে শ্রীপুরের নয়নপুর এলাকা ও বাঘাইছড়ির চার কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।শ্রীপুরের নয়নপুর এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত হয়েছে। আজ ভোর চারটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহত হয়েছেন পিকআপের সুপারভাইজার প্রকাশ (২৬)। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার সুধীর রঞ্জন বাড়ৈয়ের ছেলে। পিকআপের চালক গুরুতর আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাঁর পরিচয় জানা যায়নি।মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, ঘটনার সময় মালবাহী পিকআপটি ময়মনসিংহের দিকে ও সবজিভর্তি ট্রাকটি ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। ট্রাকের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে। নিহত প্রকাশের লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি রেকার দিয়ে থানায় আনা হয়েছে।অপরদিকে, বাঘাইছড়ি উপজেলার চার কিলো এলাকায় আজ সকালে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও তিন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম সমপ্রিয় চাকমা (৩২)। তাঁর বাড়ি চার কিলো এলাকার চকাবাছড়া গ্রামে। আহতেরা হলেন—তুলা চাকমা (৫০), মিলন চাকমা (২২) ও পুরবি চাকমা (৮)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে চার কিলো এলাকা থেকে মারিশ্যা বাজারে আসার সময় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় ও তিনজন গুরুতর আহত হয়।ঘটনার সত্যতা স্বীকার করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, আহতদের চিকিত্সা দেওয়া হচ্ছে।