শ্রীপুরে অ্যালুমিনিয়াম তৈরির কারখানাকে জরিমানা, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত শ্রীপুরের কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় ‘ইমাম মেটাল’ নামের একটি অ্যালুমিনিয়াম তৈরির কারখানার মালিককে সাত লাখ টাকা জরিমানা করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চালানো অভিযানে অ্যালুমিনিয়াম তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ ও কারখানার ব্যবস্থাপক চাঁন মিয়াকে (৩৫) আটক করা হয়েছে।কারখানাটিতে সিগারেটের প্যাকেট, ওষুধের ট্যাবলেটের খালি পাতা ও হালকা অ্যালুমিনিয়াম মিশ্রিত বর্জ্য পুড়িয়ে অ্যালুমিনিয়াম তৈরি করা হতো।এলাকাবাসী জানান, অনেক দিন ধরে বর্জ্য পোড়ানোর ফলে কারখানাটি থেকে নিঃসৃত কালো ধোঁয়া আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে আসছে। এ কারণে ধান, কাঁঠাল, আমসহ বিভিন্ন ফসল, ফলদ ও বনজ গাছপালার স্বাভাবিক বৃদ্ধি এবং ফলন ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার প্রশাসনের বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কোনো ফল হয়নি।পরিবেশ অধিদপ্তরের পরিচালক (কার্যকরীকরণ) মো. মুনীর চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে কারখানাটিতে অভিযান চালানো হয়। এ সময় অ্যালুমিনিয়াম তৈরির কাঁচামাল প্রতিটি পাঁচ কেজি ওজনের ১২৮ বস্তা সিসা, ১৫০ বস্তা প্লাস্টিক বর্জ্য, ৫০ বস্তা অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়াম তৈরির পাঁচটি ডাইস জব্দ করা হয়। পরিবেশের ক্ষতির অভিযোগে কারখানার ব্যবস্থাপক চাঁন মিয়াকে আটক করে ওই জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনার সময় কারখানার বিভিন্ন কক্ষে চুল্লি জ্বলছিল। এ সময় হঠাত্ আগুন ছড়িয়ে পড়লে জব্দকৃত বর্জ্যের কিছু অংশ পুড়ে যায়। আটক কারখানার ব্যবস্থাপক চাঁন মিয়া জানান, ‘মাসিক বেতনে কারখানায় চাকরি করি। কারখানার মালিকেরা জানেন অ্যালুমিনিয়াম উত্পাদন পরিবেশবান্ধব না ক্ষতিকর। আমি শুধু কারখানার বেতনভুক্ত কর্মচারী।’