শ্রীপুরে কারখানায় অগ্নিসংযোগ, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর এলাকার গোল্ডেন টাইমস সোয়েটার কারখানায় আজ রোববার আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দায়ী করলেও তাঁরা তা অস্বীকার করেছেন। দুই দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে দুই পাশে ছয় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কারখানার শ্রমিকেরা বকেয়া বোনাসের দাবিতে আন্দোলন করে আসছিলেন।প্রত্যক্ষদর্শী, শ্রমিক ও পুলিশ জানান, আজ বেলা ১১টার দিকে গোল্ডেন টাইমস সোয়েটার কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর তাঁরা পার্শ্ববর্তী কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সঙ্গে শ্রমিকদের আরেক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।গত ৮ সেপ্টেম্বর শ্রমিকেরা একই দাবিতে বিক্ষোভ করলে প্রশাসনের মধ্যস্থতায় আজ তাঁদের বেতন দেওয়ার দিন নির্ধারিত হয়। গোল্ডেন টাইমস সোয়েটার কারখানার হিসাব ব্যবস্থাপক মোল্লা কাওসার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা আজ বকেয়া বোনাস দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাত্ করে তাঁদেরসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা কারখানায় অগ্নিসংযোগ করেন।তবে শ্রমিকদের দাবি, বেতন না দেওয়ার জন্য কারখানা কর্তৃপক্ষের লোকজন তাঁদের নিজস্ব লোক দিয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। শ্রমিকেরা অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করেন।