শ্রীপুরে ডাকাত সন্দেহে ৬ জনকে পিটিয়ে হত্যা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের ছাতির বাজার গ্রামে আজ বুধবার রাতে ডাকাত সন্দেহে জনতা ছয়জনকে পিটিয়ে হত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তিদের সহযোগী সন্দেহে চারজনকে আটক করেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম হাদিকুল ইসলাম (৩৬)। তিনি ওই বাজারের পাশের শিশু পল্লী এলাকার বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার শামীম (২৪), ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আনোয়ার হোসেন (২২), ভালুকা উপজেলার আজিজুল হক (১৮) ও গাজীপুরে শ্রীপুরের আবদার গ্রামের সোহেল (২০)।এলাকাবাসী জানায়, আজ রাত নয়টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে চালকসহ ছয় ব্যক্তি ছাতির বাজারে প্রবেশ করেন। এলাকাবাসীর সন্দেহ হলে তারা অটোরিকশাটি থামাতে সংকেত দেয়। অটোরিকশাটি না থামিয়ে দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টা করা হয়। বাজারের শেষ প্রান্তের সড়কে অবরোধ সৃষ্টি করলে অটোরিকশাটি উল্টে যায়। এ সময় অটোরিকশা থেকে কয়েকজন বের হয়ে জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আবুল হোসেন (৩৭) নামে স্থানীয় এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাঁকে মাওনা চৌরাস্তা এলাকার আল হেরা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গুলি ছোড়ার পর এলাকাবাসী জড়ো হয়ে সন্ত্রাসীদের চারদিক থেকে ঘিরে লাঠি ও রড দিয়ে এলোপাতাড়ি পেটায়। এতে ঘটনাস্থলে ছয়জন মারা যান। পরে এলাকাবাসী ওই বাজারে অপরিচিত একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ওই বাজার থেকে পুলিশ আরও তিনজনকে আটক করে। গাজীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুসি উদদৌলা রেজা ও শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভুঞাঁ গণছিয় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ঘটনাস্থল থেকে একটি এলজি, তিনটি গুলি, রামদা, ছুরি ও চাপাতি উদ্ধার করা হয়েছে।