শ্রীপুরে পোশাক কারখানায় আগুন, আহত ৪
গাজীপুরে শ্রীপুরের সাইটালিয়া গ্রামে আজ শনিবার ভোর চারটার দিকে ‘গোল লাইন নিটওয়্যার লিমিটেড’ নামে একটি পোশাক কারখানা আগুনে পুড়ে গেছে। আগুন নেভানোর সময় চারজন আহত হন। এলাবাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ ভোর সাড়ে তিনটার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সকাল আনুমানিক পাঁচটার দিকে ভালুকা ও গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। প্রায় সাড়ে চার ঘণ্টা চেষ্টার পর সাড়ে নয়টায় দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে আগুন নেভানোর কাজ করার সময় কারখানার ইলেকট্রিশিয়ান বাবুল (২৫), স্টোর ইনচার্জ আজমল (২৭), শ্রমিক ফিরোজ (৩২) ও নিরাপত্তাকর্মী আবুল কালাম (৩৮) আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।আগুনের ঘটনায় কারখানাটিতে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক জাতীয় দলের সাবেক ফুটবলার সাইদ হাসান কানন। তবে ফায়ার সার্ভিস প্রায় চার কোটি টাকার ক্ষতির কথা নিশ্চিত করেছেন।গাজীপুর দমকল বাহিনীর স্টেশন অফিসার আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে রপ্তানির জন্য প্রস্তুত তৈরি পোশাক এবং সুতা, কাপড় ও চারটি নিটিং মেশিন পুড়ে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।