শ্রীপুরে বখাটের আগুনে প্রবাসীর স্ত্রীর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা গ্রামে অগ্নিদগ্ধ গৃহবধূ রূপালীর (২৫) গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অভিযোগ রয়েছে, একই গ্রামের বখাটে জাহাঙ্গীর আলম এক দিন আগে রূপালীর গায়ে কেরোসিন ঢেলে আগুনে ধরিয়ে দেয়।গৃহবধূর স্বামী মালয়েশিয়া প্রবাসী মনির হোসেন জানান, তিনি প্রায় পাঁচ বছর মালয়েশিয়ায় প্রবাসজীবন কাটাচ্ছেন। এই সুযোগে বখাটে জাহাঙ্গীর তাঁর স্ত্রী রূপালীকে উত্ত্যক্ত করে আসছিল। মুঠোফোনে রূপালী এ কথা তাঁকে জানাতেন। বিদেশ থেকে এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করে জাহাঙ্গীরকে নিবৃত্ত করার চেষ্টা করেন। এ নিয়ে সামাজিকভাবে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। স্ত্রীর গায়ে আগুন দেওয়ার কথা শুনে তিনি গতকাল সকালে দেশে ফেরেন।মনির জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ত্রী আগুন লাগানোর ঘটনার বর্ণনা দিয়ে যান। এই বর্ণনা রেকর্ড করা হয়েছে। রূপালীর বর্ণনা অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রূপালীর বাসায় গিয়ে জাহাঙ্গীর তাঁকে তার সঙ্গে চলে যেতে বলে। এ সময় রূপালী চিৎকার দিয়ে এলাকার লোকজন ডেকে আনার হুমকি দিলে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে রূপালীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। অগ্নিদগ্ধ রূপালী সঙ্গে সঙ্গে জাহাঙ্গীরকে জাপটে ধরে চিৎকার শুরু করেন। তখন জাহাঙ্গীর রূপালীর হাত থেকে ছুটে পালিয়ে যায়। এ সময় জাহাঙ্গীরের হাতও আগুনে পুড়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রূপালীর গায়ের আগুন নিভিয়ে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।শ্রীপুর থানার এসআই ছানোয়ার হোসেন বলেন, ‘জাহাঙ্গীর এ ঘটনায় জড়িত থাকতে পারে। তবে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।’তবে রূপালীর বাবা মো. মতি মিয়া অভিযোগ করেন, তাঁর মেয়েকে হত্যার পেছনে শ্বশুরবাড়ির লোকজনও জড়িত থাকতে পারে। শ্বশুরবাড়ির লোকজন রূপালীকে নির্যাতন করত। এ ব্যাপারে মামলাও রয়েছে। অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।