শ্রীমঙ্গলে ওএমএসের চাল জব্দ, গ্রেপ্তার ২
শ্রীমঙ্গলের ভূনবীর চৌমোহনা এলাকায় মেসার্স শাহপরান নামের একটি রাইস মিলের গুদামে অভিযান চালিয়ে র্যাব খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য রাখা ৬৩ মেট্রিক টন চাল জব্দ করেছে। এ চালের মূল্য ২০ লাখ টাকা। এ সময় দুই শ্রমিক মো. আনোয়ার মিয়া (৬০) ও মো. কালু মিয়াকে (২৭) গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) গোলাম মওলা গুদামটি সিলগালা করে দিয়েছেন। গতকাল সোমবার রাতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালান।র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন খান মাহবুব-উল ইসলাম জানান, খোলা বাজারে বিক্রির জন্য সরকারের বরাদ্দ দেওয়া চাল ডিলারদের কাছ থেকে অবৈধভাবে সংগ্রহ করে শাহপরান রাইস মিলের গুদামে মজুদ করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, ওই দুই শ্রমিক চালগুলো সরকারি সিল মারা বস্তা থেকে সাধারণ বস্তায় ভরছিলেন। এ সময় এক হাজার ২৭০ বস্তা চাল জব্দ করা হয়েছে। প্রতিটি বস্তায় ৫০ কেজি চাল রয়েছে।শাহপরান রাইস মিলের মালিক মো. আরফান মিয়ার ছেলে আহসানুল হক জব্দ করা চাল রামনগর এলাকার বাসিন্দা চাল ব্যবসায়ী মো. জিতু মিয়ার দাবি করে বলেন, এক সপ্তাহ আগে গুদামটি তিনি (জিতু মিয়া) ভাড়া নেন।মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুল ওয়াহেদ জব্দ করা চালগুলো খোলা বাজারে বিক্রির চাল বলে নিশ্চিত করেছেন। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান । শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, গতকাল রাতে এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার হওয়া দুজনসহ মো. জিতু মিয়াকে আসামি করা হয়েছে।