শ্রীমঙ্গলে চশমা পরা হনুমান
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাল মঙ্গলবার বিকেলে ভারত সীমান্তের হোসেনাবাদ ১২ নম্বর পানপুঞ্জিতে ধরা পড়েছে একটি বিরল প্রজাতির হনুমান। পানপুঞ্জির বাসিন্দারা আজ বুধবার বিকেলে শিশু হনুমানটিকে শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের বন্য প্রাণী সেবাশ্রমে হস্তান্তর করেছেন।ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, হনুমানের বাচ্চাটি বিরল প্রজাতির ফ্যায়র্স লাঙ্গুর গোত্রের। এটি অতি বিপন্ন প্রাণীদের তালিকায় অন্যতম। দুই চোখের চারপাশে গোলাকার বৃত্তের মতো সাদা রং হওয়ায় স্থানীয়ভাবে এদের চশমা পরা হনুমান বলে।শিশু হনুমানটির বয়স আনুমানিক আড়াই বছর—উচ্চতা ১০ ইঞ্চি, লেজসহ লম্বায় দেড় ফুট। হনুমান শিশুটি সুস্থ আছে, তবে দুর্বল। পানপুঞ্জির বাসিন্দারা আজ বুধবার বিকেলে শিশু হনুমানটিকে শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের বন্য প্রাণী সেবাশ্রমে হস্তান্তর করেছেন।হোসেনাবাদ পানপুঞ্জির বাসিন্দা বেনি স্যুমের মুঠোফোনে বলেন, পানের জুমে গিয়ে তিনি দেখেন, পুঞ্জির শিশু-কিশোরেরা প্রাণীটিকে লক্ষ্য করে গুলতি ছুড়ছে। গুলতির আঘাতে প্রাণীটি একটি গাছের ডাল থেকে নিচে পড়ে যায়। এ অবস্থায় তিনি সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। পরে শ্রীমঙ্গলে বন্য প্রাণী সেবাশ্রমে নিয়ে যান।বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ শাখার মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম বলেন, ফ্যায়র্স লাঙ্গুর ধরা পড়ার বিষয়টি তাঁর জানা নেই। তিনি খোঁজ নিয়ে দেখবেন।