শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থী নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে একজন এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তাঁর নাম পুলক পাল (১৯)। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, পুলকের হত্যাকারী এমরান মিয়ার বাবা সানাউর উল্ল্যা (৬০), তাঁর সঙ্গী এনামুল হক ও রাজু দাশ।নিহত পুলক শ্রীমঙ্গল সরকারি কলেজে বাণিজ্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। তাঁর বাড়ি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের সন্ধানী আবাসিক এলাকায়।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত নয়টার দিকে মৌলভীবাজার সড়কের ২ নম্বর পুল এলাকায় পুলকের সঙ্গে তাঁর পার্শ্ববর্তী এলাকার এমরান মিয়া, এনামুল হক ও রাজু দাশের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এমরান পুলককে ছুরিকাঘাত করে। পুলককে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১০টায় তিনি মারা যান।ঘটনা শেষে পালিয়ে যাওয়ার সময় করীম মিয়া (২৫) নামের এক দোকান কর্মচারী এমরানকে ধরে ফেলেন। এ সময় এমরান করীমকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে আহত করীম সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। পরে এলাকার লোকজন এমরানের সঙ্গী এনামুল হককে (২২) ধরে পুলিশে সোপর্দ করে। এদিকে ওই রাতে এলাকার বিক্ষুব্ধ লোকজন এমরানের বাবা সানাউর উল্লাকে (৬০) ধরে একটি দোকানে আটকে রাখে। পুলিশ তাঁকে উদ্ধার করে গ্রেপ্তার করে।