শ্রীমঙ্গলে জব্দ ১০ বন্য প্রাণী ডুলাহাজরা সাফারি পার্কে হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন বিভাগের জব্দ করা বিভিন্ন প্রজাতির ৮১ বন্য প্রাণীর মধ্যে ১০টি ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রাণী চিকিত্সক মোস্তাফিজুর রহমান আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এগুলো গ্রহণ করেন।শ্রীমঙ্গলে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম স্থানীয় কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন কর্মকর্তার (এসিএফ) কার্যালয়ে প্রাণীগুলো হস্তান্তর করেন। তিনি প্রথম আলোর কাছে বিষয়টি নিশ্চিত করে বলেন, বন ছাগল, ময়ূর, সাদা বাঘ, ইমু পাখি, উট পাখি ও মায়া হরিণ ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে। মোস্তাফিজুর রহমান প্রাণীগুলো গ্রহণ করার বিষয়টি প্রথম আলোর কাছে নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত শনিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর এলাকার জালালিয়া সড়কে মো. আবদুল হান্নানের বাড়ি থেকে বন বিভাগ ও র্যাবের যৌথ অভিযানে ৩১ প্রজাতির ৮১টি বন্য প্রাণী জব্দ করা হয়েছিল। ওই দিনই সন্ধ্যায় আট প্রজাতির ১৫টি প্রাণী লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। বাকিগুলো জব্দ তালিকা করে ওই বাড়িতেই হান্নানের জিম্মায় রাখা হয়।