শ্রীমঙ্গলে ত্রিপুরা নৃগোষ্ঠীর নববর্ষ উদযাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ত্রিপুরা জনগোষ্ঠী ডলুছড়া গ্রামে ‘বিসি কৌতাল-১৪২০ ত্রিপুরাব্দ’ (ত্রিপুরাব্দের নববর্ষ) উত্সব উদযাপন করেছে। বাংলাদেশ-ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে ২১-২২ ডিসেম্বর দুই দিনব্যাপী এ উত্সব করা হয়। গত ২১ ডিসেম্বর রাত ১২টা এক মিনিটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নতুন ত্রিপুরাব্দকে বরণ করা হয়। এরপর সারা রাত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আদিবাসী এই জনগোষ্ঠী ২২ ডিসেম্বর নতুন বছরের নতুন দিনের সূর্যকে বরণ করেন। উত্সবকে আরও মাতিয়ে তুলতে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ত্রিপুরা জনগোষ্ঠীর নারী-পুরুষ-শিশু ডলুছড়া গ্রামে মিলিত হয়।২২ ডিসেম্বর ত্রিপুরাদের ঐতিহ্যবাহী ‘হজাগিরি’ নৃত্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে হবিগঞ্জের ত্রিপুরা শিল্পীরা। এরপর স্থানীয় শিল্পীরা ‘গরিয়া নৃত্য’, ‘জুম নৃত্য’, ‘মামিতা নৃত্য’, ‘লেবাং বুমানি’ নৃত্য পরিবেশন করে। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, বৃহত্তর সিলেট অঞ্চলের সভাপতি গুপ্ত দেব বর্মার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ইউএনও মো. ফয়েজ আহাম্মদ, সুছিয়াং, সুরেশ মোহন ত্রিপুরা। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক জনক দেব বর্মার পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রুমা দেব বর্মা, স্মৃতি দেব বর্মা, আল্পনা দেব বর্মা, দীপিকা দেব বর্মা, জয় দেব বর্মা, রতেশ দেব বর্মা, দুর্জয় দেব বর্মা, মহিবালা দেব বর্মা, লক্ষ্মী দেব বর্মা, হারিস দেব বর্মা ও রাসেল দেব বর্মা।