শ্রীমঙ্গলে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ
শাহবাগে গত শুক্রবারের মহাসমাবেশ থেকে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে বয়কটের ঘোষণা দেওয়ার পর ওই দিন রাত থেকে দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দিয়েছে শ্রীমঙ্গল কেবল সিস্টেম (এসসিএস) কর্তৃপক্ষ।আজ রোববার সকালে শ্রীমঙ্গল কেবল সিস্টেমের অন্যতম পরিচালক মোছাব্বির আলী প্রথম আলো ডটকমকে বলেন, শাহবাগের মহাসমাবেশের ঘোষণার পর ওই আন্দোলনের প্রতি একাত্মতা জানাতে কেবল পরিচালকেরা দিগন্ত টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।এদিকে গত বৃহস্পতিবার থেকে শ্রীমঙ্গলের পৌর এলাকার চৌমোহনায় কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ, অবস্থান কর্মসূচি ও মোমবাতি জ্বালিয়ে বিক্ষোভ করছেন সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।চৌমোহনার অবস্থান কর্মসূচির আয়োজকদের অন্যতম হাসান অনির্বাণ বলেন, প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত তাঁরা চৌমোহনায় অবস্থান করবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।