শ্রীমঙ্গলে প্রথমবারের মতো স্ট্রবেরি চাষে সাফল্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আকাফুজি স্ট্রবেরি কোম্পানি বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষে সাফল্য পেয়েছে। কোম্পানির স্বত্বাধিকারী বাগেরহাটের মোহাম্মদ রুস্তম আলী গত বছরের অক্টোবরে উপজেলার টিকরিয়া গ্রামে ১৮৫ শতক জমি পাঁচ বছরের জন্য ইজারা নিয়ে স্ট্রবেরির চাষ শুরু করেন। তাঁর উৎপাদিত স্ট্রবেরি শ্রীমঙ্গলের বাজার ছাড়াও মৌলভীবাজার, সিলেট, ভৈরব ও আশুগঞ্জে বিপণন করা হচ্ছে।মোহাম্মদ রুস্তম আলী জানান, শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের জনৈক শামসুল হকের ১৬০ শতক জমি ইজারা নিয়ে গত বছরের ১৭ নভেম্বর স্ট্রবেরির চারা রোপণ করেন। জমিতে সাড়ে ১২ হাজার রাবি-৩ জাতের স্ট্রবেরি চারা রোপণ করেন। রুস্তম আলী বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক এম মনজুর হোসেনের প্রেরণায় ও পরামর্শে তিনি শ্রীমঙ্গলে এর চাষ শুরু করেন। এখানকার মাটি, আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য খুবই উপযোগী। চারা রোপণের মাত্র ৪০ দিনের মাথায় গাছে ফল আসতে শুরু করে। গত ২০ জানুয়ারি থেকে ফল বিক্রিও শুরু করেন। এ পর্যন্ত ৮০০- ৮৫০ টাকা কেজি দরে প্রায় এক হাজার ২০০ কেজি ফল বিক্রি করেছেন। যা থেকে আয় হয়েছে প্রায় ১০ লাখ টাকা। শ্রীমঙ্গল ছাড়াও মৌলভীবাজার, সিলেট, ভৈরব ও আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের হোটেলগুলোতে তাঁর কোম্পানির ফল বিক্রি হচ্ছে। বাগানে আরও ৩০০-৩৫০ কেজি স্ট্রবেরি পাওয়া যাবে। যার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। বাগানে মূলধন ও চলতি বিনিয়োগ মিলিয়ে ব্যয় হয়েছে নয় লাখ টাকা। প্রথমবার স্ট্রবেরির চাষ করে তিনি যে ফলন পেয়েছেন, তাতে তিনি আশাবাদী।বাগানের কাজে নিয়োজিত রিয়াজুল ইসলাম ও মুজিবুর রহমান জানান, তাঁদের বাগানে উৎপাদিত একেকটি ফলের ওজন ১৫ থেকে ৩০ গ্রাম পর্যন্ত। প্রতিটি গাছ থেকে এক মৌসুমে ৩০০ গ্রাম পর্যন্ত ফল পাওয়া যায়। শ্রীমঙ্গল উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সামসুদ্দিন আহমেদ বলেন, রুস্তম আলীর ব্যাপক উৎসাহ ও পরিশ্রমের ফসল এ স্ট্রবেরি বাগান। বাগানে কোনো প্রকার কীটনাশক ব্যবহার না করে জৈবিক উপায়ে পোকামাকড় দমন করা হচ্ছে। শীতপ্রধান দেশের ফল স্ট্রবেরি শ্রীমঙ্গলের আবহাওয়া উপযোগী। সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর ফলন খুব ভালো হয়। যে কেউ এখানে বাণিজ্যিকভাবে চাষাবাদ করে লাভবান হতে পারেন। ওই কৃষি কর্মকর্তার মতে, শ্রীমঙ্গলের টিকরিয়া গ্রামে প্রথমবারের মতো সৃজনকৃত স্ট্রবেরি বাগানে উৎপাদিত স্ট্রবেরি স্বাদে ও গন্ধে জাপানে উৎপাদিত স্ট্রবেরির সমতুল্য।