শ্রীমঙ্গলে বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও জিপের মুখোমুখি সংঘর্ষে আজ শনিবার দুজন নিহত হয়েছেন। উপজেলার রাজাপুর গ্রামের কাছে শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন, পাজেরো জিপের যাত্রী শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী গ্রামের আনজব আলী (৬২) ও জিপের চালক শ্রীমঙ্গল উপজেলার বৌলাশী গ্রামের মো. হোসেন মিয়া (২২)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর এলাকায় বেলা ১১টার দিকে একটি বাস দ্রুতগতিতে একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করে। এ সময় বিপরীত দিক আসা পাজেরো জিপটির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জিপের যাত্রী আনজব আলী এবং মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে জিপের চালক হোসেনের মৃত্যু হয়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।