শ্রীমঙ্গলে ভারতীয় সীমান্তে আদিবাসী তরুণী হত্যা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেজিনা কন্দ (১৯) নামের এক আদিবাসী তরুণীকে গলা কেটে হত্যা করা হয়েছে। উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানের ভারত সীমান্তে গতকাল সোমবার বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ পাওয়া গেছে। পরে বিকেলে বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লাশ নিয়ে গেছে। রেজিনা লাখাইছড়া চা বাগানের শ্রমিক ধনু কন্দের তৃতীয় মেয়ে। তিনি লাখাইছড়া চা বাগানসংলগ্ন কাদির মিয়ার লেবু বাগানে কাজ করতেন। গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন।কালীঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সীতারাম হাজরা জানান, গতকাল সকালে লাখাইছড়া চা বাগানের পূর্বদিকে কয়েকজন শ্রমিক ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে ঘাস কাটতে গিয়ে বস্তাবন্দী লাশের সন্ধান পান। রেজিনার বাবা ধনু কন্দ জানান, রেজিনা লাখাইছড়া চা বাগানসংলগ্ন কাদির মিয়ার লেবু বাগানে কাজ করতেন। প্রতিদিনের মতো গত বুধবার সকালে রেজিনা কাজে যাওয়ার পর আর ফিরে আসেনি। গতকাল মেয়ের পরনের জামা দেখে লাশ শনাক্ত করেন। শ্রীমঙ্গলে ১৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে বিকেলে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করে। রেজিনার লাশটি ভারতীয় অংশে থাকায় বিএসএফ লাশ নিয়ে গেছে। সে দেশের পুলিশ লাশের ময়নাতদন্ত করে বিএসএফ বিজিবির কাছে লাশ হস্তান্তর করবে।