শ্রীমঙ্গলে ভুয়া চিকিৎসকের এক মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল সোমবার রাতে হাবিবুর রহমান (৩৬) নামের এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে এই সাজা দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আ. কুদ্দুস। আজ মঙ্গলবার সকালে তাঁকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে। হাবিবুর রহমানের বাড়ি খুলনার ফুলবাড়ী উপজেলার টালিয়ামারা গ্রামে।পুলিশ জানায়, সম্প্রতি শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ তিতপুর গ্রামের বাজারে একটি ফার্মেসি খোলেন হাবিবুর। গত ১২ এপ্রিল থেকে ওই ফার্মেসিতে বসে তিনি রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া শুরু করেন। ছাপানো ব্যবস্থাপত্র ও ফার্মেসির সাইনবোর্ডে তিনি নিজের নামের আগে ডা. (ডাক্তার) পদবি ব্যবহার এবং নাক, কান, গলা, চর্ম ও যৌন রোগের চিকিৎসা দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পেতে বসেন।শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজিবুস শহীদ বলেন, হাবিবুর রহমান একজন ভুয়া চিকিত্সক। চিকিৎসা বিষয়ে তাঁর কাছে শুধু একটি আরএমপি (রুরাল মেডিকেল প্রেকটিশনার) সনদ আছে। এ সনদ দিয়ে তিনি ডাক্তার পদবি ব্যবহার কিংবা চিকিৎসা করতে পারেন না। সহকারী কমিশনার (ভূমি) মো. আ. কুদ্দুস বলেন, চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করার অপরাধে হাবিবুর রহমানকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাক্ট-২০১০ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনা শ্রম কারাদণ্ড সাজা দেওয়া হয়েছে।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন সরদার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, জরিমানার টাকা না দেওয়ায় আজ সকালে তাঁকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।