শ্রীমঙ্গলে যৌন হয়রানির অভিযোগে কারাদণ্ড
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজা পাওয়া ব্যক্তির নাম অমল ভট্টাচার্য (২৮)।আজ বুধবার শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ তাঁর কার্যালয়ে তাত্ক্ষণিক আদালত বসিয়ে এ শাস্তি দেন।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, কয়েক মাস ধরে অমল একই পাড়ার কলেজপড়ুয়া এক ছাত্রীকে যাওয়া-আসার পথে রাস্তায় উত্ত্যক্ত করতেন। অমলের উত্ত্যক্তে অতিষ্ঠ হয়ে ছাত্রীর বাবা শ্রীমঙ্গল থানায় আজ সকালে লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ বেলা সাড়ে ১২টার দিকে সন্ধানী আবাসিক এলাকার রাস্তা থেকে অমলকে গ্রেপ্তার করে।বিষয়টি শ্রীমঙ্গলে ইউএনওকে জানালে তিনি তাঁর কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে তাত্ক্ষণিক আদালত বসিয়ে এর বিচার করেন। অমলকে শ্রীমঙ্গল থানাহাজতে রাখা হয়েছে। কাল বৃহস্পতিবার তাঁকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হবে।ইউএনও ফয়েজ আহাম্মদ প্রথম আলোকে বলেন, অভিযুক্ত অমল আদালতের কাছে দোষ স্বীকার করেছেন।