শ্রীমঙ্গলে সাত বছরেও শেষ হয়নি পৌর মিলনায়তনের নির্মাণকাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর মিলনায়তনের নির্মাণকাজ সাত বছরেও শেষ হয়নি। উপজেলা শহরটিতে ২২টি সাংস্কৃতিক ও নাট্যসংগঠন রয়েছে। মিলনায়তনের অভাবে সংগঠনগুলোর সাংস্কৃতিকচর্চা বিঘ্নিত হচ্ছে। তাই মিলনায়তনের দাবি নিয়ে সম্মিলিত নাট্য পরিষদের ব্যানারে উপজেলার সব শিল্পী আন্দোলনে নেমেছেন। গত ২৭ মার্চ দেড় শতাধিক শিল্পী পৌর এলাকার চৌমোহনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে শিল্পীরা মিছিল নিয়ে পৌরভবনে যান এবং পৌর মেয়রের কাছে স্মারকলিপি পেশ করেন। শিল্পীরা বলছেন, এর পরও যদি পৌর কর্তৃপক্ষ মিলনায়তন সংস্কার ও নির্মাণের উদ্যোগ না নেয়, তবে তাঁরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন, প্রয়োজনে পৌর শহীদ মিনারে অনশন করবেন।ওই দিন বিকেল পাঁচটা থেকে পৌঁনে ছয়টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদ, শ্রীমঙ্গলের সভাপতি নীহারেন্দু কর, সম্পাদক দেলোয়ার হোসেন মামুন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন দিনু, জিল্লুল আনাম, সত্যব্রত দত্ত, হাফিজুর রহমান, মোমিনুল হোসেন, তারেক হাসান, কামরুল হাসান, নীলকান্ত দেব, বাবলু রায়, মহসিন রেজা চৌধুরী, রুবেল আহমদ, অনিক ভট্টাচার্য, শাহ আরিফ আলী, মো. হাফিজুর রহমান প্রমুখ শিল্পী। এ আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. কাওছার ইকবাল ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।পৌরসভার অর্ধনির্মিত মিলনায়তনের নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়ে বক্তারা বলেন, কয়েক বছর ধরে একটি মঞ্চ ও মিলনায়তনের জন্য শ্রীমঙ্গলের সব শিল্পী আন্দোলন করছেন। মাদক নয়, সন্ত্রাস নয়, নতুন প্রজন্মকে তাঁরা সত্য ও সুন্দরের পথে নিয়ে যেতে চান। মানববন্ধনে বিজয়ী থিয়েটার, বিনোদন থিয়েটার, উদীচী, আওয়ামী শিল্পীগোষ্ঠী, সন্ধানী শিল্পীগোষ্ঠী, প্রবাসী থিয়েটার, সাতগাঁও সাংস্কৃতিক সংসদ, প্রান্তিক থিয়েটার, শ্রীমঙ্গল থিয়েটার, সারগাম শিল্পীগোষ্ঠী, দ্রুম থিয়েটার, সারগাম বাউল দল, দেশ থিয়েটার, উচ্ছ্বাস থিয়েটার, সন্ধানী নাট্যগোষ্ঠী ও টিআইবির গণনাট্য দলের দেড় শতাধিক শিল্পী মানববন্ধনে অংশ নেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল পৌরসভার পুরোনো মিলনায়তনটি ভেঙে প্রায় ২৫ শতক ভূমির ওপর মিলনায়তন ও কমিউনিটি সেন্টার নির্মাণকাজ শুরু করা হয়েছিল ২০০৩ সালের ফেব্রুয়ারি মাসে। দুই কোটি টাকার এই প্রকল্পে কমিউনিটি সেন্টার এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাসহ ভবনের প্রথম তলায় শব্দ নিয়ন্ত্রণ ব্যবস্থা, আধুনিক মঞ্চ এবং ৫০০ আসনবিশিষ্ট একটি শীতাতপ নিয়ন্ত্রিত মিলনায়তন নির্মাণের কথা ছিল। পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে এর আগের পরিষদ পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৮৮ লাখ টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে মিলনায়তনের কাজ শুরু করে। পরে একাধিকবার বিভিন্ন সময় নানাভাবে চেষ্টা করেও মন্ত্রণালয়ের অনুমতি ওই পরিষদ আনতে পারেনি। এর পরও ওই পরিষদের চেয়ারম্যান মো. মহসিন মিয়ার একক সিদ্ধান্তে নির্মাণকাজ চালিয়ে যাওয়া হয় এবং প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে মিলনায়তনের ৬০ ভাগ কাজ সম্পন্ন করা হয়।২০০৪ সালের নির্বাচনে মো. মহসিন মিয়া হেরে যান। মো. আহাদ মিয়ার নেতৃত্বে ১৪তম পরিষদ গঠিত হওয়ার পর মিলনায়তনের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয় এবং নিম্নমানের কাজ, অর্থব্যয়ে অসঙ্গতিসহ বিভিন্ন অভিযোগ এনে আগের পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হয়। সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি নাট্যকার নীহারেন্দু কর বলেন, ‘এখন শ্রীমঙ্গলে নাটক করার মতো কোনো মিলনায়তনই নেই। সংস্কৃতিকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল, একটি ভালোমানের মিলনায়তনের, একটি নাটক উপযোগী মঞ্চ।’ পরিষদের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মামুন বলেন, ‘শ্রীমঙ্গল প্রথম শ্রেণীর পৌরসভা। দুঃখ লাগে, পৌরসভার একটি ভালো মিলনায়তন নেই। এখানে বিনোদনের সামান্য সুযোগ-সুবিধাও নেই। অথচ পৌর কর্তৃপক্ষ শুধু মার্কেট নির্মাণেই আগ্রহী।’শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. আহাদ মিয়া জানান, মিলনায়তন নির্মাণে আগের পরিষদের চেয়ারম্যান দুর্নীতি করায় এবং এর কোনো অনুমোদন না থাকায় এটি পরিত্যক্ত রয়েছে। বরাবরের মতো তিনি আবারও বলেন, ‘সংস্কৃতিকর্মীদের দাবি মেটাতে পরিষদ আন্তরিক।’