শ্রীমঙ্গলে স্ত্রীর উত্ত্যক্তকারীকে হত্যার পর আত্মসমর্পণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) এলাকা থেকে আজ মঙ্গলবার দুপুরে সুকুমার দাস (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার দায় স্বীকার করে সুবল মাঝি (৪০) নামের এক ব্যক্তি আজই শ্রীমঙ্গল থানায় আত্মসমর্পণ করেছেন। সুবলের অভিযোগ, সুকুমার তাঁর স্ত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন।পুলিশ জানায়, নিহত সুকুমার বিটিআরআইয়ের নিয়মিত শ্রমিক চিত্রা দাসের ছেলে। গতকাল সন্ধ্যায় চা-বাগানের ৮ নম্বর সেকশনে সুবলের স্ত্রীকে উত্ত্যক্তের বিষয় নিয়ে তাঁর সঙ্গে সুকুমারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুবল হাতে থাকা দা দিয়ে সুকুমারের বাঁ পায়ে কোপ দিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে অধিক রক্তক্ষরণের কারণে সুকুমার মারা যান।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান মজুমদার বলেন, আজ সুবল থানায় আত্মসমর্পণ করলে ঘটনার সত্যতা যাচাইয়ের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আশীষ কুমার দাস বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেছেন।