শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আজ বুধবার সকালে ঢাকা-মৌলভীবাজার মহাসড়কের বিলাস সেতুতে অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত তিনজন। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিল। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের কাছে বিলাস সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে। উপজেলার সাতগাঁও থেকে শ্রীমঙ্গল শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আবদুল খালেক (৫০) ও আরোহী স্বপ্না রানী দেবী (৩০) মারা যান। আবদুল খালেকের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার মধ্য লইয়ারকুল এবং স্বপ্নার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে। আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং দুজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেছেন, ট্রাকটি পুলিশ আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।