শ্রীমঙ্গলে সড়কের পাশের গাছ চুরি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর-আথানগিরি সড়ক ও শ্রীমঙ্গল-সিন্দুরখান সড়কের দুই পাশের গাছগুলো এলাকার চিহ্নিত কিছু গাছচোর কেটে নিয়ে যাচ্ছে। রাতের আঁধারে চার-পাঁচটি করে গাছ কাটা হচ্ছে আর দিনের আলোয় করাতকলে নিয়ে চিরিয়ে বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার গাছ চুরি হয়ে গেছে। পরিবেশ উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা ও উদ্বেগ প্রকাশ করা হলেও গাছ কাটা বন্ধ করা যাচ্ছে না।সরেজমিনে দেখা গেছে, ভুনবীর-আথানগিরি সড়কের মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট, রায়পরান, পাঁচাউন, বৌলাশির, শহরশ্রী ও দক্ষিণ পাঁচাউন এলাকায় বেশি গাছ কাটা হয়েছে। সড়কের দুই পাশে হাজারেরও বেশি কাটা গাছের মোথা পড়ে আছে। লোকজন মাটি খুঁড়ে জ্বালানির জন্য শিকড়-মোথা তুলে নিচ্ছে। গ্রামবাসী জানান, ওই সড়কে চিকরাশি, একাশিয়া ও শিশুগাছই কাটা হয়েছে বেশি। গ্রামবাসীর মতে, ভুনবীর-আথানগিরি সড়কের শুধু মির্জাপুর ইউনিয়নের অংশেই চোরেরা সাড়ে তিন হাজারের বেশি গাছ কেটে নিয়ে গেছে।অন্যদিকে শ্রীমঙ্গল-সিন্দুরখান সড়কে এখন ১০০ গাছও অবশিষ্ট নেই। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাছচোরেরা প্রতি রাতেই ওই সড়কের কোনো না কোনো এলাকায় গাছ কাটে। ভোরে কাটা গাছগুলো তাদের (চোরদের) বাড়ির আশপাশে সুবিধামতো স্থানে নিয়ে রাখে। সেখান থেকে কয়েক দিন পর রিকশা, ঠেলা দিয়ে শ্রীমঙ্গল সদরে করাতকলে নিয়ে বিক্রি করা হয়।ভুনবীর-আথানগিরি সড়ক উপজেলার ভুনবীর ও মির্জাপুর ইউনিয়নের অন্তর্গত। মির্জাপুর ইউনিয়নের একাধিক গ্রামের কয়েকজন বাসিন্দার কথায় তাঁদের অসহায়ত্বের বিষয়টি প্রকাশ পেয়েছে। গাছচোরদের ভয়ে তাঁরা এতটাই ভিত যে এদের নাম পর্যন্ত উচ্চারণ করতে সাহস পাননি।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেন, ‘যারা গাছ চুরি করছে, তারা এলাকায় প্রভাবশালী। নাম বললে গ্রামে থাকা যাবে না। এদের বাপ-চাচা ও বড় ভাইয়েরা এলাকার জনপ্রতিনিধি।’খোঁজ নিয়ে জানা যায়, মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত একাধিক জনপ্রতিনিধির ছেলে-ভাই-ভাতিজারা গাছ কাটার সঙ্গে জড়িত। এদের নিয়োজিত লোকেরা রাতে গাছ কাটে। আর দিনের বেলা রিকশা, ঠেলা, টেম্পোযোগে করাতকলে পাঠিয়ে গাছ বিক্রি করা হয়।শ্রীমঙ্গল-সিন্দুরখান সড়কটি আশীদ্রোণ, সিন্দুরখান ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের অন্তর্গত। আশীদ্রোণ ও সিন্দুরখান ইউনিয়নের কয়েকজন গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, শংকরসেনা গ্রামের ইয়াছিন মিয়া, টিকরিয়া গ্রামের কাশেম মিয়া, উত্তরসূর গ্রামের মনজু মিয়া ও ননী পাল ওই সড়কে গাছ কাটার মূল হোতা। ওই চারজনের নেতৃত্বে রয়েছে রামনগর, শংকরসেনা, কাউয়ারবন ও টিকরিয়া গ্রামের শিববাড়ী এলাকায় গাছচোরদের কয়েকটি দল।সিন্দুরখান ইউনিয়নের নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, রাতে যারা গাছ কাটে, তারা চোর হলেও এলাকায় এদের দাপট আছে। বিডিআর-পুলিশের সঙ্গে এদের ভাব রয়েছে। গ্রামবাসী তাই কিছু বলতে সাহস পায় না। সিন্দুরখান ও আশীদ্রোণ ইউনিয়নের লোকজন ইয়াছিন মিয়াকে বিডিআরের সোর্স হিসাবেই জানে।বন বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াছিন মিয়া, কাশেম মিয়া, ননী পাল ও মনজু মিয়ার বিরুদ্ধে বন আইনে একাধিক মামলা রয়েছে।শ্রীমঙ্গল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে শ্রীমঙ্গল-সিন্দুরখান সড়কে মাটির কাজসহ রাস্তাটি পাকা করা হয়েছিল। এ সময় শ্রীমঙ্গল থেকে সিন্দুরখান পর্যন্ত সড়কের দুই পাশে একাশিয়া, ইউক্যালিপটাস, চিকরাশি, অর্জুনসহ কয়েক প্রজাতির প্রায় এক হাজার এবং ভুনবীর-আথানগিরি সড়কে ভুনবীর ইউনিয়নের আলিসারকুল গ্রাম থেকে মির্জাপুর ইউনিয়নের সমশেরগঞ্জ বাজার পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় সাড়ে আট হাজার গাছ লাগানো হয়েছিল। শ্রীমঙ্গলে বন বিভাগের কার্যালয় সূত্র জানায়, নীতিমালা অনুযায়ী গ্রামীণ সড়কের গাছগুলো দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের। সেই হিসেবে শ্রীমঙ্গল-সিন্দুরখান ও ভুনবীর-আথানগিরি সড়কের দুপাশের গাছগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আশীদ্রোণ, শ্রীমঙ্গল সদর, সিন্দুরখান, ভুনবীর ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের।জনপ্রতিনিধিদের স্বজনদের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ প্রসঙ্গে মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু সুফিয়ান চৌধুরী বলেন, ‘বর্তমান পরিষদের কারও ভাই-ভাতিজা গাছ চুরির সঙ্গে জড়িত নয়। কেউ ধরিয়ে দিলে এর উপযুক্ত বিচার করা হবে।’ তাঁর দাবি, ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাবমূর্তি নষ্টের জন্য কোনো কোনো মহল এই অপপ্রচার চালাতে পারে।গ্রামীণ সড়কে লাগানো গাছগুলো দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কি না, জানতে চাইলে আশীদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ দায়িত্বের কথা স্বীকার করে বলেন, ‘কিছু চিহ্নিত গাছচোর গাছগুলো কেটে নিলেও আমরা কিছুই করতে পারছি না। আমাদের অবস্থা ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদারের মতো। কেউ কথা শোনে না। তবে সামনে পড়লে বন বিভাগে ধরিয়ে দিই।’বন বিভাগের সহকারী বন কর্মকর্তা (এসিএফ) মোহাম্মদ মিজানুর রহমান জানান, মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে গত মার্চ মাসে অনুষ্ঠিত পরিবেশ উন্নয়ন সমন্বয় কমিটির সভায় শ্রীমঙ্গল উপজেলায় সড়কের পাশের গাছ চুরির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সভায় মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম সভাপতিত্ব করেন। সভায় চুরি বন্ধে ‘ওয়াচার’ নিয়োগ, অংশীদারের ভিত্তিতে বনায়ন এবং পরিপক্ব গাছগুলো রাজস্ব প্রদান সাপেক্ষে কেটে বিক্রি করা—এই তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। মিজানুর রহমান আরও বলেন, শ্রীমঙ্গল-সিন্দুরখান সড়ক থেকে সম্প্রতি ৭০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। অংশীদারিত্বের ভিত্তিতে বনায়ন ছাড়া এখন আর গাছ বাঁচানো সম্ভব হচ্ছে না। কেননা, সব সড়কে রাতে পাহারা দেওয়ার মতো বন বিভাগের এত লোকবল নেই।