শ্রীমঙ্গলে ১৪৪ ধারা জারি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ধোবারহাট বাজার এলাকায় আজ সোমবার ১৪৪ ধারা জারি করা হয়েছে। একই স্থানে একই সময়ে দুটি ইসলামী দল সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) নীহার রঞ্জন নাথ জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজারে আজ সোমবার বেলা দুইটায় ইসলামী আইন বাস্তবায়ন কমিটি প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে সমাবেশ ডাকে। একই স্থানে একই সময়ে আওয়ামী উলামা লীগ কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে মুসলিম জনতাকে উত্তেজিত করে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সমাবেশ আহ্বান করে। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেন। তিনি আরও জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধোবারহাট বাজারে এক প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।শ্রীমঙ্গলের ইউএনও ফয়েজ আহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ধোবারহাট বাজার এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রয়োজনে ১৪৪ ধারার সময় আরও বাড়ানো হতে পারে।