মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ১৪ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহে জড়িত থাকার দায়ে ৪৪ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। একই সঙ্গে এঁদের প্রত্যেককে ১০০ টাকা জরিমানা করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) শ্রীমঙ্গল ১৪ ব্যাটালিয়নের সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-এর বিচারক বিজিবির যোগাযোগ পরিদপ্তরের (ঢাকা) পরিচালক কর্নেল এস এম ফরহাদ আজ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ে তিনজনকে সর্বোচ্চ সাত বছর, একজনকে ছয় বছর, সাতজনকে পাঁচ বছর, দুজনকে চার বছর, একজনকে তিন বছর ছয় মাস, ছয়জনকে তিন বছর, দুজনকে দুই বছর ছয় মাস, সাতজনকে দুই বছর, পাঁচজনকে এক বছর ছয় মাস, চারজনকে এক বছর, একজনকে ছয় মাস এবং পাঁচজনকে সর্বনিম্ন চার মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গত বছরের ৩০ জুন এ মামলার বিচার শুরু হলে আদালতের নির্দেশে ১৪ ব্যাটালিয়নে কর্মরত ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে পুলিশের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০০৯ সালের ১৭ মে গ্রেপ্তার হওয়া জওয়ানদের মধ্যে ৩৪ জনকে এ মামলায় আসামি করা হয়। একই দিনে ওই ব্যাটালিয়নের সুবেদার মেজর মো. আবদুল মান্নান আদালতে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। মৌলভীবাজার কারাগারে আটকাবস্থায় গত বছরের ১৩ সেপ্টেম্বর সেপাই মো. জামাল উদ্দিন মারা যান। গত ২৩ ফেব্রুয়ারি জামাল উদ্দিনকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৩ জন আসামি আদালতে দোষ স্বীকার করেন। বাকি ২১ জন আসামি নির্দোষ বলে দাবি করেন। আদালতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লে. কর্নেল আখতারুজ্জামান (বীর প্রতীক), মেজর মোহাম্মদ সাইফুল ওয়াদুদ, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমদ, বিজিবির ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা, বিশেষ কৌঁসুলি আমিনুর রহমান খান ও মো. হাবিবুর রহমান।উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টার দিকে ১৪ রাইফেলের কিছু জওয়ান অস্ত্র হাতে বিদ্রোহ করেন। ওই দিন বিদ্রোহী জওয়ানেরা ক্যাম্প ছেড়ে রাস্তায় বেরিয়ে প্রায় ২৫০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন।