শ্রীমঙ্গলে বিডিআর বিদ্রোহের ঘটনায় ১৪ রাইফেল ব্যাটালিয়নের ৪৪ জন জওয়ানের বিরুদ্ধে আজ বুধবার অভিযোগ গঠন করা হয়েছে। শ্রীমঙ্গলে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৪-তে বেলা একটায় অভিযোগ গঠন করা হয়। আদালতে আসামিদের মধ্যে ১৮ জন নিজেদের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। আজ সকাল সোয়া ১০টায় মৌলভীবাজার জেলা কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করানো হয়। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির যোগাযোগ পরিদপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ।আদালতের বিচারকাজ শুরু হলে মামলার কৌঁসুলি ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নুরুল হুদা ৪৫ জন আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আদালতকে পড়ে শোনান। আদালতে অভিযুক্ত জওয়ানদের ভিডিও চিত্র দেখানো হয়। এ পর্যায়ে আদালত সৈনিক জালাল উদ্দিনের মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দিয়ে ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।