কুমিল্লার হোমনা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার পশ্চিমের গ্রাম শ্রীমদ্দি। শচীন দেববর্মনের সেই বিখ্যাত গান ‘বাঁশি শুনে আর কাজ নেই’-এর সুর ভেসে বেড়ায় এই গ্রামের বাতাসে। তবে কাজের ক্ষেত্রে গানের বাণী মেলে না। কারণ, বাঁশি নিয়েই অষ্টপ্রহরের কাজ মেঘনার চরে গড়ে ওঠা এই গ্রামের লোকদের। পরিচিতি পেয়েছে ‘বাঁশিগ্রাম’ নামে।শ্রীমদ্দির বাঁশি তৈরির ঐতিহ্য দীর্ঘকালের। হিন্দুপ্রধান এই গ্রামে একদা বাস করত কিছু বাউল ও বৈরাগী পরিবার। জনশ্রুতি আছে, তাদেরই মধ্য থেকে শতাব্দীরও অধিককাল আগে হরিদাশ ও অহিলদাশ বৈরাগীর হাতেই শুরু হয়েছিল বাঁশি তৈরির সূচনা। একটা পর্যায়ে বৈরাগী পরিবারগুলো শ্রীমদ্দি ছেড়ে ভারতে চলে যায়। তবে থেকে যাওয়া হিন্দু পরিবারগুলোর হাতে এই শিল্প এখনো টিকে আছে। ইদানীং অনেক মুসলমান পরিবারও যুক্ত হয়েছে বাঁশি তৈরিতে।নারী-শিশু সবাই কারিগর: শ্রীমদ্দিতে বাঁশি তৈরির সঙ্গে জড়িত পরিবার ৩২টি। অর্থনৈতিকভাবে খুব সচ্ছল না হলেও গ্রামে তাদের একটা আলাদা মর্যাদা আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নারী-পুরুষ-শিশু সবাই বাঁশি তৈরির কাজে ব্যস্ত। বাঁশিনির্মাতা যতীন্দ্র বিশ্বাস ও রীনা রানী বিশ্বাসের আট বছরের মেয়ে তিথি বিশ্বাস তৃতীয় শ্রেণীতে পড়ে। মা-বাবার কাজ দেখে সেও শিখে গেছে বাঁশি বানানো। পড়াশোনার ফাঁকে সাহায্য করে মা-বাবার কাজে। সে বার্নিশ করা, রং লাগানো, আলপনা করার মতো কাজগুলো পারে। তিথির মতো অন্যান্য পরিবারের ছোট শিশুরাও দেখতে দেখতে বাঁশি তৈরির কাজ শিখে গেছে।বাঁশির প্রকারভেদ: বাঁশির আছে নানা প্রকারভেদ। যে বাঁশির মুখ দুই ঠোঁটে চেপে বাজানো হয়, তার নাম ‘মুখবাঁশি’। ঠোঁটে আড়াআড়িভাবে ধরে বাজানো বাঁশির নাম ‘আড়বাঁশি’। সাপুড়েরা সাপখেলা দেখানোর সময় যে বাঁশি বাজান, তাঁর নাম ‘নাগিনবাঁশি’। যে বাঁশিতে বীণার সুর তোলা যায়, তার নাম ‘বীণবাঁশি’, যে বাঁশির মাথায় বেলুন লাগানো থাকে, তার নাম ‘বেলুনবাঁশি’।অনিল বিশ্বাস বলেন, উপকরণের দাম বাড়লেও বাঁশির দাম তেমন বাড়েনি। পাইকারিতে প্রতিটি বাঁশি বিক্রি হয় দেড়-দুই টাকায়। বাঁশির মৌসুম ও দেশ-বিদেশে বাঁশির বাজার: ঐতিহ্যবাহী লোকমেলাগুলোতেই বাঁশির বিক্রি বেশি। এর মধ্যে প্রধান হলো বৈশাখী মেলা। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের লোক উৎসবেও বাঁশি বিক্রি হয়। এর মধ্যে প্রধান কয়েকটি হলো—হোমনার মিরাশের মেলা, চট্টগ্রামের লালদীঘির জব্বারের বলীখেলা, বগুড়ার জামাইষষ্ঠীর উৎসব, ময়মনসিংহের ত্রিশালের মেলা, মতলবের লেংটার মেলা, মাছিমনগরের রায়েত আলী শাহের মাজার উৎসব, রথমেলা, আখাউড়ার খরমপুরের কেল্লার উৎসব ও দুর্গাপূজা এবং ঈদেও বিক্রিবাট্টা বাড়ে। ফেরিওয়ালারা সারা বছরই ফেরি করে সারা দেশে বাঁশি বিক্রি করেন। আর কিছু বেসরকারি সংস্থা তাঁদের কাছ থেকে বাঁশি তৈরি করিয়ে নিয়ে বিদেশেও রপ্তানি করে।বাঁশি তৈরির পদ্ধতি: বাঁশি তৈরিতে লাগে মুলিবাঁশ। শ্রীমদ্দির কারিগরেরা এই বাঁশ সংগ্রহ করেন খাগড়াছড়ির রামগড়, চট্টগ্রামের বহদ্দারহাট ও কবিরহাট থেকে। বাঁশ রোদে শুকিয়ে বাঁশি অনুসারে মাপমতো কেটে টুকরো করা হয়। এরপর টুকরোগুলো মসৃণ করে নিতে হয়। পরে কয়লার আগুনে পোড়ানো লোহার শলাকা দিয়ে ছিদ্র করা হয়। আঁকা হয় নকশা। এরপর মাটির প্রলেপ লাগিয়ে আবার আগুনে সেঁকে পানিতে ধুয়ে বাঁশিগুলো পুনরায় রোদে শুকানো হয়। শুকানোর পর বার্নিশ করা হয়। এরপর বাঁশিতে ফুঁ—সুর উঠল কিনা। সেই সুর ভেসে যায় শ্রীমদ্দির হাওয়ায় হাওয়ায়।